সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০০ কেজি জেলিপুশকৃত চিংড়ি জব্দ করা হয়েছে। এ সময় তিন ব্যবসায়ীকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা চিংড়িগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। বুধবার (২৯ জুলাই) উপজেলার পারুলিয়া মৎস্য আড়তে জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম জানান, দীর্ঘদিন ধরে পারুলিয়া মৎস্য আড়তে কয়েকজন অসাধু ব্যবসায়ী অবৈধভাবে চিংড়িতে মানবদেহের জন্য ক্ষতিকর জেলি পুশ করে আসছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
অভিযানে তিন ব্যবসায়ীর কাছ থেকে ১০০ কেজি জেলিপুশকৃত চিংড়ি জব্দ করা হয়। একই সঙ্গে ব্যবসায়ী সুজয় মণ্ডলকে ৫ হাজার টাকা, সুমন ট্রেডার্সকে ২ হাজার টাকা এবং আল কাইয়ুম ফিশকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা চিংড়িগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম, খুলনা এফআইকিউসি (FIQC) ইনস্পেক্টর আলমগীর হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম বলেন, জনস্বার্থে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে মাছ বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সূত্র: বাংলা ভিশন
Safe Food Rights Bangladesh (SFRB)
নিরাপদ খাদ্য, আমাদের অধিকার
74, Bir Uttam C.R Datta Road, Hatirpool, Dhaka-1205, Bangladesh.
© Copyright 2026 - sfrbangladesh.com