বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)-এর মধ্যে খাদ্য নিরাপদতা নিশ্চিতকরণে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি সৌজন্য সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় হলুদে লেড ক্রোমেট (Lead Chromate) উপস্থিতির কারণে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি কমাতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ভেজাল প্রতিরোধে নজরদারি জোরদার, বৈজ্ঞানিক গবেষণা, জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, দেশের ১৮ কোটি মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একার পক্ষে সম্ভব নয়। এ লক্ষ্য অর্জনে সকল অংশীজনের কার্যকর সমন্বয় ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তিনি গণমাধ্যম, সুশীল সমাজ, গবেষণা প্রতিষ্ঠান এবং ব্যবসায়ী সম্প্রদায়কে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে আরও সক্রিয় ভূমিকা পালন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় প্রচেষ্টায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সভায় আইসিডিডিআর,বি-এর প্রতিনিধিরা খাদ্য নিরাপদতা নিশ্চিতকরণে বিএফএসএ’র বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে হলুদে লেড ক্রোমেট প্রতিরোধে তথ্য-প্রমাণভিত্তিক কার্যক্রম পরিচালনা, কারিগরি সহায়তা প্রদান এবং যৌথ উদ্যোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সভায় উভয় পক্ষ খাদ্য নিরাপদতা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি সহযোগিতা, গবেষণা এবং সমন্বিত কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করে।
সূত্র: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)
Safe Food Rights Bangladesh (SFRB)
নিরাপদ খাদ্য, আমাদের অধিকার
74, Bir Uttam C.R Datta Road, Hatirpool, Dhaka-1205, Bangladesh.
© Copyright 2026 - sfrbangladesh.com