খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে টিকটিকি পাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১ আগস্ট) দুপুরে ক্যাফেটেরিয়া থেকে কেনা সবজির মধ্যে টিকটিকি পাওয়ার দাবি করেন এক শিক্ষার্থী।
ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
অভিযোগকারী শিক্ষা ডিসিপ্লিনের ২৬ ব্যাচের শিক্ষার্থী আসমাউল হুসনা বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাফেটেরিয়া থেকে খাবার নিয়ে রুমে এসে খেতে গিয়ে দেখি পটল, আলু ও ডিমের সবজির মধ্যে একটি টিকটিকি রয়েছে। ক্যাফেটেরিয়ায় শুধু শিক্ষার্থীরাই নন, শিক্ষক ও বহিরাগতরাও খাবার খান।
তিনি বলেন, এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এতে ফুড পয়জনিংয়ের মতো ঝুঁকি তৈরি হতে পারে। সবার স্বাস্থ্যের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট স্টাফদের আরও সতর্ক হওয়া উচিত।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীরা ক্যাফেটেরিয়ার খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাদের দাবি, খাবার প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে আরও কঠোর স্বাস্থ্যবিধি নিশ্চিত করা প্রয়োজন।
ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে বাংলা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাহেবী ইকরাম রেদোয়ান বলেন, ক্যাফের খাবারে টিকটিকি পাওয়া যাওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং অগ্রহণযোগ্য। এটি ক্যাফে কর্মীদের অব্যবস্থাপনা ও অসচেতনতার স্পষ্ট প্রমাণ। খাবার প্রস্তুত ও পরিবেশনের সময় যথাযথ স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা হয়নি।
‘এ ধরনের অবহেলা ক্রেতাদের স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করে এবং প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা নষ্ট করে। তাই ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ও কর্মীদের আরও দায়িত্বশীল ও সতর্ক হওয়া জরুরি।’
একই বর্ষের তানভির বিন মুহিত বলেন, ক্যাফেটেরিয়ার খাবারের মান ও স্বাস্থ্যবিধিতে এমন অব্যবস্থাপনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীদের নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। যাদের গাফিলতির কারনে খাবারে টিকটিকি পাওয়া গিয়েছে তাদের জবাবদিহির আওতায় এনে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।
এদিকে ক্যাফেটেরিয়ার ম্যানেজার বলেন, আমরা সবসময় সর্বোচ্চ পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করি। রান্নার সময় যদি পড়ে থাকত, তবে তা গলে যাওয়ার কথা ছিল, কারণ টিকটিকির শরীর নরম থাকে। এটি কীভাবে বা কোন ভুলবশত ঘটেছে, তা বুঝতে পারছি না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. সালাউদ্দীন জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবহিত হয়েছেন এবং তাঁর দপ্তরকে তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। ক্যাফেটেরিয়া তদারকি কমিটি ও ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে এ বিষয়ে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: আরটিভি
Safe Food Rights Bangladesh (SFRB)
নিরাপদ খাদ্য, আমাদের অধিকার
74, Bir Uttam C.R Datta Road, Hatirpool, Dhaka-1205, Bangladesh.
© Copyright 2026 - sfrbangladesh.com