বগুড়া শহরের শহীদ খোকন পার্ক সংলগ্ন হোটেলপট্টি এলাকায় অবস্থিত কাফেলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করেছে।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিট থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।
অভিযানকালে দেখা যায়, রেস্টুরেন্টটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশন করা হচ্ছে। রান্নাঘরের পরিবেশ ছিল অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর। প্রস্তুত করা খাবার খোলা অবস্থায় সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া খাদ্যকর্মীরা প্রয়োজনীয় পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করছিলেন না। রান্নাঘরে ইঁদুর ও তেলাপোকার অস্তিত্বও পাওয়া যায়। এসব অপরাধে দোষ স্বীকারের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ-এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।
অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি দল। এ সময় অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের প্রচলিত আইন ও বিধি মেনে স্বাস্থ্যসম্মত পরিবেশে নিরাপদ খাদ্য প্রস্তুত ও পরিবেশনের নির্দেশনা দেওয়া হয়।
সূত্র: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ
Safe Food Rights Bangladesh (SFRB)
নিরাপদ খাদ্য, আমাদের অধিকার
74, Bir Uttam C.R Datta Road, Hatirpool, Dhaka-1205, Bangladesh.
© Copyright 2026 - sfrbangladesh.com