ঢাকার আদাবর এলাকায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই বিভিন্ন প্রসাধনী, খাদ্যপণ্য ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও বিতরণের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) ঢাকা মহানগরীর আদাবর এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যৌথ সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।
বিএসটিআইয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১/২, ঢাকা হাউজিং, আদাবর এলাকার ‘রঙের ছোঁয়া ইন্টারন্যাশনাল’ নামের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
অভিযানকালে প্রতিষ্ঠানটিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স, পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়াই স্কিন ক্রিম, স্কিন লোশন, ফেসওয়াশ, ফেস প্যাক, শ্যাম্পু, কফি, শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও বিতরণ করতে দেখা যায়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর ও মেয়াদোত্তীর্ণ পণ্যও পাওয়া যায়।
এসব অনিয়ম ও অপরাধের দায়ে প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।
এ ছাড়া প্রতিষ্ঠানটিতে থাকা বিভিন্ন মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিকর পণ্য জব্দ করে ধ্বংস করা হয়। ভবিষ্যতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স, পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ ও প্রয়োজনীয় ছাড়পত্র গ্রহণের পর পণ্য বাজারজাত করার জন্য প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই ঢাকা কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. আলী আকবর সোহেল এবং ডিএমআই, বিএসটিআই, ঢাকার পরিদর্শক (মেট) রেজওয়ানুল ইসলাম দায়িত্ব পালন করেন। অভিযানে ডিএমপি পুলিশ সহযোগিতা করে।
সূত্র: বিএসটিআই
Safe Food Rights Bangladesh (SFRB)
নিরাপদ খাদ্য, আমাদের অধিকার
74, Bir Uttam C.R Datta Road, Hatirpool, Dhaka-1205, Bangladesh.
© Copyright 2026 - sfrbangladesh.com