জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি কার্যক্রমে ঢাকা মহানগরসহ দেশের ৪৭ জেলায় ৯৪টি প্রতিষ্ঠানকে মোট ৯ লাখ ২৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে একযোগে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। অধিদপ্তরের ৩০৯টি টিম বিভিন্ন বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায়।
তদারকি কার্যক্রমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি মূল্যতালিকা প্রদর্শন, ওজন ও পরিমাপে কারচুপি প্রতিরোধ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও ওষুধ বিক্রি বন্ধ এবং নকল ও ভেজাল পণ্য উৎপাদন ও বিক্রি রোধে নজরদারি করা হয়।
অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৯৪টি প্রতিষ্ঠানকে মোট ৯ লাখ ২৪ হাজার ৭০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়। পাশাপাশি হ্যান্ডমাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
অধিদপ্তরের এ তদারকি কার্যক্রমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং বিভিন্ন শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।
ভোক্তাদের উদ্দেশে অধিদপ্তর পণ্য কেনার আগে মূল্যতালিকা যাচাই, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করা, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ দেখে খাদ্যপণ্য ও ওষুধ ক্রয় এবং প্রতারণামূলক বিজ্ঞাপন থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থ পরিশোধ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সূত্র: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর
Safe Food Rights Bangladesh (SFRB)
নিরাপদ খাদ্য, আমাদের অধিকার
74, Bir Uttam C.R Datta Road, Hatirpool, Dhaka-1205, Bangladesh.
© Copyright 2026 - sfrbangladesh.com