রাজধানীর ধানমন্ডিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ, বিদেশি খাদ্যপণ্যের মোড়কে আমদানিকারকের তথ্য না থাকা এবং প্রয়োজনীয় লাইসেন্স ও নিবন্ধন সনদ দেখাতে না পারায় ইচিগো রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) ধানমন্ডির সাতমসজিদ রোডে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপপরিচালক বি. এম. রুহুল আমিন রিমনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে রেস্টুরেন্টটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় পাওয়া যায়। সেখানে কোনো ধরনের লেবেল ছাড়াই চাওমিনের হাফ-বয়েলড নুডুলসসহ বিভিন্ন খাদ্য সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া মজুত করা বিদেশি খাদ্যপণ্যের মোড়কে প্রয়োজনীয় আমদানিকারকের তথ্যও পাওয়া যায়নি।
অভিযানকালে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স ও রেস্তোরাঁ নিবন্ধন সনদ প্রদর্শনেও ব্যর্থ হয়।
এসব অনিয়ম ও অপরাধের বিষয়ে দোষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী রেস্টুরেন্টটিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বি. এম. রুহুল আমিন রিমন বলেন, খাদ্য ব্যবসায়ীদের খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। খাদ্য নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম মেনে নেওয়া হবে না। ভোক্তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া, বিএফএসএর অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
সূত্র: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ
Safe Food Rights Bangladesh (SFRB)
নিরাপদ খাদ্য, আমাদের অধিকার
74, Bir Uttam C.R Datta Road, Hatirpool, Dhaka-1205, Bangladesh.
© Copyright 2026 - sfrbangladesh.com