খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে ভোগেন অনেকেই। এসব সমস্যা থেকে স্বস্তি পেতে অনেকে ঘরোয়া উপায়ের ওপর নির্ভর করেন। রান্নাঘরের পরিচিত উপাদান আদা দিয়ে তৈরি চা এ ক্ষেত্রে কিছুটা সহায়ক হতে পারে বলে বিভিন্ন গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে। তবে আদা চাকে ওজন কমানোর কোনো ‘জাদুকরী’ পানীয় হিসেবে দেখার সুযোগ নেই।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আদা হজমতন্ত্রের ওপর প্রভাব ফেলতে পারে। World Journal of Gastroenterology-এ প্রকাশিত একটি ছোট গবেষণায় দেখা গেছে, আদা খাবারকে পাকস্থলী থেকে দ্রুত অন্ত্রে পৌঁছাতে সহায়তা করতে পারে। তবে হজমের সব ধরনের উপসর্গ উল্লেখযোগ্যভাবে কমাতে আদা কার্যকর, এমন শক্ত প্রমাণ গবেষণাটিতে পাওয়া যায়নি।
পেট ফাঁপায়
খাওয়ার পর পেট ফুলে থাকা কিংবা ভারী লাগা অনেকের নিয়মিত সমস্যা। ২০১১ সালের একটি গবেষণায় আদা ও আর্টিচোকের সমন্বয়ে তৈরি একটি সাপ্লিমেন্ট হজমের অস্বস্তি, পেট ফাঁপা, বমিভাব এবং পেট ভরা ভরা অনুভূতি কমাতে সহায়তা করেছিল।
তবে গবেষণাটিতে সাধারণ আদা চা নয়, আদা ও আর্টিচোকের সাপ্লিমেন্ট ব্যবহার করা হয়েছিল। ফলে ওই গবেষণার ফলাফল থেকে এক কাপ ঘরোয়া আদা চা একই ধরনের উপকার করবে, এমন নিশ্চয়তা দেওয়া যায় না।
ওজন কমাতে
আদা চাকে ‘ফ্যাট বার্নিং’ পানীয় হিসেবে প্রচার করার যথেষ্ট বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবে ওজন নিয়ন্ত্রণ নিয়ে করা কিছু গবেষণায় আদার সম্ভাব্য ইতিবাচক প্রভাবের ইঙ্গিত পাওয়া গেছে।
২০২৫ সালের একটি গবেষণা পর্যালোচনায় দেখা যায়, আদার সাপ্লিমেন্ট গ্রহণকারীদের কোমরের পরিধি ও শরীরের চর্বির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে মোট শরীরের ওজন বা বডি মাস ইনডেক্স (বিএমআই) কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
অর্থাৎ, শুধু আদা চা পান করে ওজন কমানোর আশা করা ঠিক নয়। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত শারীরিক কর্মকাণ্ডের পাশাপাশি এটি সাধারণ একটি পানীয় হিসেবে রাখা যেতে পারে।
কখন আদা চা খাবেন?
আদা চা খাওয়ার জন্য সকাল বা রাত, কোনো নির্দিষ্ট সময় সবচেয়ে কার্যকর, এমন শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই। খাওয়ার পর কিংবা যে সময়ে সাধারণত হজমের অস্বস্তি দেখা দেয়, সে সময়ে আদা চা পান করা যেতে পারে।
রাতে পান করতে চাইলে ক্যাফেইনযুক্ত চায়ের পরিবর্তে শুধু আদা ভিজিয়ে তৈরি পানীয় বেছে নেওয়া ভালো। বিশেষ করে ক্যাফেইনের কারণে যাদের ঘুমের সমস্যা হয়, তাদের ক্ষেত্রে এটি বিবেচনা করা যেতে পারে।
তবে আদা চা সবার জন্য সমানভাবে উপকারী নাও হতে পারে। পেটের অস্বস্তি নিয়মিত হলে বা সমস্যা তীব্র হলে ঘরোয়া উপায়ের ওপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো।
Safe Food Rights Bangladesh (SFRB)
নিরাপদ খাদ্য, আমাদের অধিকার
74, Bir Uttam C.R Datta Road, Hatirpool, Dhaka-1205, Bangladesh.
© Copyright 2026 - sfrbangladesh.com