দেশে হালাল পণ্যের মান নির্ধারণ, হালাল স্ট্যান্ডার্ড প্রণয়ন ও বাস্তবায়ন এবং হালাল সনদ প্রদান-সংক্রান্ত বিষয় ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ লক্ষ্যে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ সংশোধন করে রোববার (২৩ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সংশোধিত কার্যবিধি অনুযায়ী, রুলস অব বিজনেসের সিডিউল-১-এ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে দায়িত্ব বণ্টন-সংক্রান্ত তালিকায় ‘৩৪. মিনিস্ট্রি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স’ শিরোনামের অধীনে নতুন একটি দায়িত্ব সংযোজন করা হয়েছে।
এর ফলে দেশে হালাল পণ্যের মান নির্ধারণ, হালাল স্ট্যান্ডার্ড প্রণয়ন ও বাস্তবায়ন এবং হালাল সনদ প্রদান-সংক্রান্ত কার্যক্রম ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের আওতায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালনা করবে। এ দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতা করবে।
ইসলামিক ফাউন্ডেশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্বব্যাপী হালাল পণ্যের বাজার ক্রমেই সম্প্রসারিত হওয়ায় আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হালাল মান ও সনদ ব্যবস্থার গুরুত্ব বাড়ছে। মুসলিম ভোক্তাদের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের হালাল পণ্য ও সেবার গ্রহণযোগ্যতা বাড়াতেও একটি সুসংগঠিত ও মানসম্মত হালাল সার্টিফিকেশন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের আওতায় ইসলামিক ফাউন্ডেশনে হালাল স্ট্যান্ডার্ড ও সার্টিফিকেশন অন্তর্ভুক্ত হওয়ায় এ খাতে সরকারি নীতিগত সমন্বয় আরও সুসংহত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এর ফলে হালাল পণ্যের মান, উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে নির্ধারিত মানদণ্ড অনুসরণ, সনদ প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা এবং ভোক্তাদের আস্থা বৃদ্ধির সুযোগ তৈরি হবে।
ইসলামিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে হালাল সার্টিফিকেশন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। দেশের বিভিন্ন উৎপাদনকারী ও রপ্তানিমুখী প্রতিষ্ঠানের হালাল পণ্য ও সেবার বিষয়ে নির্ধারিত প্রক্রিয়ায় সনদ প্রদানের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের গ্রহণযোগ্যতা বাড়াতে প্রতিষ্ঠানটি কাজ করে আসছে।
সরকারের এ সিদ্ধান্তের ফলে ইসলামিক ফাউন্ডেশনের হালাল পণ্য ও সেবার মানোন্নয়ন, সনদ প্রদানের প্রক্রিয়ায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক হালাল বাজারে বাংলাদেশের অংশগ্রহণ আরও সম্প্রসারিত হওয়ার পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।
Safe Food Rights Bangladesh (SFRB)
নিরাপদ খাদ্য, আমাদের অধিকার
74, Bir Uttam C.R Datta Road, Hatirpool, Dhaka-1205, Bangladesh.
© Copyright 2026 - sfrbangladesh.com