চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে অন্তত ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ডিম ও বনরুটি খাওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়ে। পরে দুপুর দেড়টা থেকে সাড়ে ৩টার মধ্যে তাদের চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মো. হাসিবুস সাত্তার ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, অন্যান্য দিনের মতো রবিবারও স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের ডিম ও বনরুটি দেওয়া হয়। খাবার খাওয়ার কিছুক্ষণ পর একে একে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে কয়েকজনের অসুস্থতা বেশি হওয়ায় হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় মোট ১১ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মো. হাসিবুস সাত্তার বলেন, অসুস্থ শিক্ষার্থীদের ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সবারই পেটে ব্যথাসহ খাদ্যে বিষক্রিয়ার বিভিন্ন লক্ষণ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবার খাওয়ার পরই তারা অসুস্থ হয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছে। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
অসুস্থ এক শিক্ষার্থীর বাবা জহুরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে সরকার বিদ্যালয়ে খাবার সরবরাহ করছে। তবে খাবারের মান যাচাইয়ের ক্ষেত্রে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। নিম্নমানের খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হলে সরকারের এই উদ্যোগের মূল উদ্দেশ্যই ব্যাহত হবে।
চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পের খাবার সরবরাহ করে বেসরকারি সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)। শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার বিষয়ে বক্তব্য জানতে গাকের জেলা সমন্বয়কারী কবির হোসেনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এর আগেও চাঁপাইনবাবগঞ্জের চারটি বিদ্যালয়ে গাকের সরবরাহ করা খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে।
শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার প্রকৃত কারণ এবং খাবারের মান নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে বিষয়টি স্পষ্ট হওয়ার অপেক্ষায় রয়েছে বিদ্যালয়টির শিক্ষার্থী ও অভিভাবকেরা।
সূত্র: কালবেলা
Safe Food Rights Bangladesh (SFRB)
নিরাপদ খাদ্য, আমাদের অধিকার
74, Bir Uttam C.R Datta Road, Hatirpool, Dhaka-1205, Bangladesh.
© Copyright 2026 - sfrbangladesh.com