পাবনার সাঁথিয়া উপজেলায় দুধ ঘন ও বেশি দেখানোর জন্য জেলিজাতীয় উপাদান এবং দীর্ঘ সময় সংরক্ষণের উদ্দেশ্যে হাইড্রোজেন পার-অক্সাইড মেশানোর অভিযোগে আড়াই হাজার লিটার দুধ জব্দ করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার উপজেলার নাগডেমড়া এলাকায় অবস্থিত জুঁই ডেইরি ফার্মে অভিযান চালিয়ে এসব দুধ জব্দ করা হয়। পরে জব্দ করা দুধ ঘটনাস্থলেই নষ্ট করে ফেলা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি জানান, অভিযানের সময় দুধে জেলিজাতীয় পদার্থ ও হাইড্রোজেন পার-অক্সাইড মেশানোর প্রমাণ পাওয়া যায়। এ সময় জেলিজাতীয় উপাদানের দুটি ব্যারেলও জব্দ করা হয়েছে।
অভিযোগের বিষয়টি স্বীকার করায় জুঁই ডেইরি ফার্মের মালিক মো. মানিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়েছে।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. মাহমুদ আলম এবং আনসার ব্যাটালিয়নের একটি দল সহযোগিতা করে।
ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, খাদ্যে ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। কোথাও ভেজাল খাদ্যের তথ্য পেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে জানানোর আহ্বান জানানো হয়েছে।
দুধে অনুমোদনহীন বা অনুপযুক্ত রাসায়নিক ও অন্যান্য উপাদান মেশানো জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এমন দুধ স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে বলে সংশ্লিষ্টরা সতর্ক করেছেন।
Safe Food Rights Bangladesh (SFRB)
নিরাপদ খাদ্য, আমাদের অধিকার
74, Bir Uttam C.R Datta Road, Hatirpool, Dhaka-1205, Bangladesh.
© Copyright 2026 - sfrbangladesh.com