মাঠজুড়ে আমন ধানের সবুজ সমারোহ। পরিচর্যা আর আবাদ নিয়ে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর কৃষকেরা। তবে আমন চাষের গুরুত্বপূর্ণ এই সময়ে সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নিয়ে বিপাকে পড়েছেন তারা। কৃষকদের অভিযোগ, একশ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে বাজারে সংকট তৈরি করে সরকারি নির্ধারিত দামের চেয়ে বস্তাপ্রতি ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বেশি নিচ্ছেন।
কৃষকদের দাবি, সময়মতো জমিতে সার প্রয়োগ করতে না পারলে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। ফলে বাধ্য হয়েই অনেককে বাড়তি দামে সার কিনতে হচ্ছে। এতে অন্যান্য আনুষঙ্গিক খরচসহ বিঘাপ্রতি উৎপাদন ব্যয় অন্তত এক হাজার টাকা পর্যন্ত বেড়ে যাচ্ছে।
বাজারে চাহিদামতো মিলছে না সার
মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে জমিতে সেচ, আগাছা পরিষ্কার ও কীটনাশক প্রয়োগের পাশাপাশি আমন ধানে সার প্রয়োগের গুরুত্বপূর্ণ সময় চলছে। কিন্তু অনেক কৃষক বাজারে গিয়ে চাহিদা অনুযায়ী ইউরিয়া ও ডিএপি সার পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।
কৃষকদের অভিযোগ, নির্ধারিত দামে সার চাইলে অনেক দোকানে ‘সার নেই’ বলা হচ্ছে। অথচ বাড়তি টাকা দিতে রাজি হলে একই দোকান থেকেই সার পাওয়া যাচ্ছে। এতে প্রতি মৌসুমে বাড়তি খরচের বোঝা বইতে হচ্ছে তাদের।
মহাদেবপুর উপজেলার খোদ্দনারায়ণপুর এলাকার কৃষক আব্দুর রহমান আড়াই বিঘা জমিতে আমন চাষ করেছেন। তিনি বলেন, ‘কয়েক দফা বাজারে ঘুরেও চাহিদামতো ইউরিয়া ও ডিএপি সার পাননি। বাধ্য হয়ে বাড়িতে জমিয়ে রাখা সামান্য সার দিয়েই কোনোমতে জমিতে ছিটিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘সারের এই বাড়তি দামের কারণে চলতি এক মৌসুমেই আমার দেড় হাজার টাকার বেশি অতিরিক্ত খরচ হয়ে যাচ্ছে। বাজারে সার পাওয়া যাচ্ছে না, আর পেলেও দিতে হচ্ছে অস্বাভাবিক দাম।’
মান্দা উপজেলার গণেশপুর গ্রামের কৃষক আব্দুল কাদের হিরা বলেন, ‘অতিরিক্ত দামের কারণে কৃষকদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। পত্রিকা আর টিভিতে শুনি সরকারি গুদামে নাকি সার উপচে পড়ছে। অথচ দোকানে গেলে বাড়তি টাকা না দিলে সারও মেলে না।’
সদর উপজেলার হাপানিয়া এলাকার কৃষক আফছার মন্ডল বলেন, ‘সারের এই কৃত্রিম সংকটের পেছনের নির্মম সত্য। তিনি বলেন, “নির্ধারিত দামে কিনতে গেলে বলা হয় সার নেই। কিন্তু যখনই বাড়তি টাকা হাতে দেওয়া হচ্ছে, তখনই সার বের হয়ে আসছে! সঠিক সময়ে জমিতে সার দিতে না পারলে পরে দিয়ে তো লাভ নেই, ফসলের কাঙ্ক্ষিত ফলনই পাওয়া যাবে না।’
‘বাড়তি দামে কিনে কিছুটা লাভে বিক্রি করতে হয়’
নওহাটা বাজারের খুচরা সার ব্যবসায়ী মেসার্স পাল ট্রেডার্সের স্বত্বাধিকারী সুমন্ত পাল বলেন, ‘কৃষকের চাহিদা অনুযায়ী সারের সরবরাহ পাওয়া যাচ্ছে না। বাড়তি দামে সার কিনে কিছুটা লাভে বিক্রি করতে হয়।’
অন্যদিকে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নওগাঁ জেলার ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান তালুকদার বলেন, ‘জেলায় সারের কোনো আসল সংকট নেই। তবে যদি কোনো অসাধু চক্র বা ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের কাছে বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
বরাদ্দ চাহিদার তুলনায় পর্যাপ্ত: কৃষি বিভাগ
নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৯৬ হাজার ১২৫ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বিপুল পরিমাণ জমির বিপরীতে ৪৩ হাজার ৭৯ টন সারের বরাদ্দ রয়েছে, যা চাহিদার তুলনায় পর্যাপ্ত বলে জানিয়েছে কৃষি বিভাগ।
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনজুর রহমান বলেন, ‘জেলায় পর্যাপ্ত পরিমাণ সারের মজুত ও সরবরাহ রয়েছে। সারের সংকট হওয়ার কোনো সুযোগই নেই। নওগাঁ বর্তমানে সবচেয়ে ভালো অবস্থায় আছে। ডিলারের কাছে গিয়ে কোনো কৃষক ৫ কেজি বা ১০ কেজি যা-ই চাবে, তা-ই দিতে হবে।প্রতিদিনই অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকারি নির্ধারিত দামের বাইরে কেউ বিক্রি করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। যে ডিলার বা খুচরা ব্যবসায়ী দাম বেশি নিচ্ছেন, তার নাম-ঠিকানা আমাদের দিন। সত্যতা পেলে তাৎক্ষণিক ডিলারশিপ বাতিল করা হবে।’
কৃষি বিভাগের পক্ষ থেকে পর্যাপ্ত মজুত ও সরবরাহের কথা বলা হলেও মাঠপর্যায়ে কৃষকদের সার না পাওয়া এবং বাড়তি দামে কেনার অভিযোগ পরিস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি করেছে। আমনের গুরুত্বপূর্ণ সময়ে কৃষকের কাছে নির্ধারিত দামে পর্যাপ্ত সার পৌঁছানো নিশ্চিত না হলে উৎপাদন খরচ আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
সূত্র: সময়ের কণ্ঠস্বর
Safe Food Rights Bangladesh (SFRB)
নিরাপদ খাদ্য, আমাদের অধিকার
74, Bir Uttam C.R Datta Road, Hatirpool, Dhaka-1205, Bangladesh.
© Copyright 2026 - sfrbangladesh.com