দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৬১ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৯ জনে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
সেপ্টেম্বরে ৫২ মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি সেপ্টেম্বরের প্রথম ১২ দিনেই ডেঙ্গুতে ৫২ জনের মৃত্যু হয়েছে। এর আগে আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩ এবং মে মাসে একজন মারা যান। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
এদিকে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে চলতি বছরে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৮৩৭ জনে।
একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ৩৯৪ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮ হাজার ৯৩ জন।
ঢাকায় সর্বাধিক রোগী
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৬২৭ জন। এরপর খুলনা বিভাগে ২৭৫, বরিশালে ২০২, চট্টগ্রামে ১৮১, রাজশাহীতে ১০৪, ময়মনসিংহে ৯৩, রংপুরে ৭৩ এবং সিলেটে ছয়জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিসংখ্যান অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এখনো উল্লেখযোগ্যভাবে বেশি রয়েছে।
Safe Food Rights Bangladesh (SFRB)
নিরাপদ খাদ্য, আমাদের অধিকার
74, Bir Uttam C.R Datta Road, Hatirpool, Dhaka-1205, Bangladesh.
© Copyright 2026 - sfrbangladesh.com