ডিম, পোল্ট্রি ও ব্রয়লার মুরগির ন্যায্যমূল্য নিশ্চিত, সরবরাহ স্বাভাবিক রাখা এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে ঢাকা মহানগরসহ দেশের বিভাগ ও জেলা পর্যায়ে বিশেষ বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নিয়মিত বাজার তদারকির পাশাপাশি পাইকারি ও খুচরা পর্যায়ে পরিচালিত এ অভিযানে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও প্রদান, সঠিক ওজন নিশ্চিতকরণ এবং অতিরিক্ত মূল্য আদায় বন্ধে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।
অধিদপ্তর জানিয়েছে, ঢাকা মহানগরসহ দেশের ৩৯টি জেলায় ৫৪টি টিম এ তদারকি কার্যক্রম পরিচালনা করে। অভিযানে ১২২টি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়েছে। পাশাপাশি ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা তৈরিতে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয় এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
অধিদপ্তরের পক্ষ থেকে ব্যবসায়ীদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত ডিম, পোল্ট্রি ও ব্রয়লার মুরগি যৌক্তিক মূল্যে বিক্রির আহ্বান জানানো হয়েছে। ভাঙা, ফাটলযুক্ত বা নষ্ট ডিম বিক্রি না করা, প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন এবং পোল্ট্রি ও ব্রয়লার মুরগির ক্ষেত্রে সঠিক ওজন নিশ্চিত করতে বলা হয়েছে।
এ ছাড়া মুরগির খাদ্য হিসেবে অনুমোদিত ও মানসম্মত ফিড ব্যবহার, কৃত্রিম সংকট সৃষ্টি ও অযৌক্তিক মজুদ থেকে বিরত থাকা এবং প্রতিটি ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ ও ক্রেতাকে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ডিম, পোল্ট্রি ও ব্রয়লার মুরগি সংরক্ষণ, পরিবহন ও বিক্রির ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে বলা হয়েছে।
ভোক্তাদেরও ডিম, পোল্ট্রি ও ব্রয়লার মুরগি কেনার সময় পণ্যের নিরাপদ সংরক্ষণ, মূল্য তালিকা ও সঠিক ওজন যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। ভাঙা, ফাটলযুক্ত বা নষ্ট ডিম না কেনার পাশাপাশি বিক্রেতার কাছ থেকে ক্রয় ভাউচার বা রশিদ সংগ্রহ করতে বলা হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম না দিতে এবং পণ্যের মান, ওজন বা মূল্য নিয়ে কোনো অনিয়ম দেখা দিলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ করতে হবে।
জনস্বার্থে ডিম, পোল্ট্রি ও ব্রয়লার মুরগির বাজারে এ ধরনের বিশেষ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।
Safe Food Rights Bangladesh (SFRB)
নিরাপদ খাদ্য, আমাদের অধিকার
74, Bir Uttam C.R Datta Road, Hatirpool, Dhaka-1205, Bangladesh.
© Copyright 2026 - sfrbangladesh.com