ভোক্তা সেবা আরও সহজ ও কার্যকর করতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জনবল বৃদ্ধি, প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা জানান বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।
অধিদপ্তরের বর্তমান কার্যক্রম, প্রযুক্তির ব্যবহার, জনবল কাঠামো, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ভোক্তা সেবা আরও সহজ ও কার্যকর করার বিভিন্ন বিষয় নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সরাসরি উপস্থিতির পাশাপাশি জুম প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় কর্মকর্তারা অংশ নেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, এনডিসি। সভাপতিত্ব করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জহিরুল ইসলাম। এছাড়া রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ উপস্থিত ছিলেন।
সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান বলেন, গত জুনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দেওয়া নির্দেশনার আলোকে প্রয়োজনীয় জনবল বৃদ্ধি, সক্ষমতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করতে মন্ত্রণালয় ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে।
মতবিনিময়কালে বাণিজ্যমন্ত্রী মাঠপর্যায়ে ভেজাল দুধের বিরুদ্ধে পরিচালিত অভিযান সম্পর্কে পাবনা ও সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের কাছে জানতে চান।
পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি এবং সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, বিভিন্ন চিলিং সেন্টারে দুধে হাইড্রোজেন পারঅক্সাইড ও জেলিজাতীয় পদার্থ মেশানোর প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জরিমানার আওতায় আনা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।
সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, একজন মানুষ যেন তাঁর কষ্টার্জিত অর্থ দিয়ে ভেজাল, নিম্নমানের বা ক্ষতিকর পণ্য কিনতে বাধ্য না হন, তা নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। দেশের প্রায় ১৭ থেকে ১৮ কোটি মানুষের ভোক্তা-অধিকার সুরক্ষায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
দেশের মানুষের নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত পণ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে অধিদপ্তরকে প্রযুক্তি, জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার দিক থেকে আরও শক্তিশালী করা হবে বলে জানান তিনি।
তিনি বলেন, অধিদপ্তরকে আরও আধুনিক ও কার্যকর করতে প্রশিক্ষণ, জনবল বৃদ্ধি এবং আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে। পাশাপাশি বিদ্যমান সেবাগুলো পর্যায়ক্রমে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগাতে বিশ্বের বিভিন্ন দেশের ভোক্তা-অধিকার সংরক্ষণকারী প্রতিষ্ঠানের কাঠামো, জনবল ও সেবা কার্যক্রম নিয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এর মাধ্যমে গবেষণা পরিচালনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
সভায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জহিরুল ইসলাম অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি বিভিন্ন অংশীজনের সঙ্গে অনুষ্ঠিত সভা এবং বাজার তদারকি কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় বাজার তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানান মহাপরিচালক।
পরে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
Safe Food Rights Bangladesh (SFRB)
নিরাপদ খাদ্য, আমাদের অধিকার
74, Bir Uttam C.R Datta Road, Hatirpool, Dhaka-1205, Bangladesh.
© Copyright 2026 - sfrbangladesh.com