নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি, মূল্যতালিকা প্রদর্শন, ওজন ও পরিমাপ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং নকল-ভেজাল পণ্যের বিরুদ্ধে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন বিভাগ ও জেলা পর্যায়ে বাজার তদারকি করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পরিচালিত এ তদারকি কার্যক্রমে ঢাকা মহানগরসহ দেশের ১৯টি জেলায় ২৪টি টিম অংশ নেয়। অভিযানে ৪৪টি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৯৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়েছে।
অভিযানের সময় ব্যবসায়িক প্রতিষ্ঠানে পণ্যের হালনাগাদ মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন, নির্ধারিত মূল্যের বেশি দাম না নেওয়া, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করা এবং নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টি না করা এবং পণ্য ক্রয়-বিক্রয়ের সময় ক্রয় ভাউচার সংরক্ষণ ও প্রদানের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়।
তদারকি কার্যক্রমে সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।
অধিদপ্তর ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনা, পণ্য কেনার আগে মূল্যতালিকা যাচাই করা এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে পণ্যের সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ দেখে কেনাকাটা এবং বিক্রেতার কাছ থেকে ক্রয় ভাউচার সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।
কোনো পণ্য কিনে প্রতারিত হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানানোর অনুরোধ করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।
Safe Food Rights Bangladesh (SFRB)
নিরাপদ খাদ্য, আমাদের অধিকার
74, Bir Uttam C.R Datta Road, Hatirpool, Dhaka-1205, Bangladesh.
© Copyright 2026 - sfrbangladesh.com