কৃষি নিয়ে পড়াশোনা করে শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হচ্ছেন তরুণরা। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ে হাতে-কলমে শিক্ষা নিয়ে অনেকে গড়ে তুলছেন নিজেদের ব্যবসা ও খামার। এতে একদিকে যেমন তারা স্বাবলম্বী হচ্ছেন, অন্যদিকে তৈরি করছেন অন্যদের কর্মসংস্থানের সুযোগও।
কুমিল্লা অঞ্চলে কৃষি শিক্ষাকে কেন্দ্র করে এমন উদ্যোগের পথিকৃৎ হিসেবে কাজ করছে কুমিল্লা কৃষি ও কারিগরি কলেজ। ২০০১ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি শুরুতে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়েছে। তখন শিক্ষার্থী সংগ্রহ করাও ছিল কঠিন। বাড়ি বাড়ি গিয়ে কৃষি শিক্ষার প্রয়োজনীয়তা ও সম্ভাবনার কথা বোঝাতে হয়েছে। বর্তমানে কুমিল্লা কোটবাড়ি চৌরাস্তা সংলগ্ন ধনপুরে চলছে প্রতিষ্ঠানটির কার্যক্রম।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এ পর্যন্ত প্রায় সহস্রাধিক শিক্ষার্থী এখান থেকে ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেছেন। তাদের বড় একটি অংশ কৃষি খাতের বিভিন্ন ক্ষেত্রে উদ্যোক্তা হয়েছেন। অনেকে আবার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন।
বইয়ের সঙ্গে মাঠে হাতে-কলমে শিক্ষা
সরেজমিনে কলেজটিতে গিয়ে দেখা যায়, শ্রেণিকক্ষে পাঠ নেওয়ার পর শিক্ষার্থীরা চলে যাচ্ছেন প্রতিষ্ঠানের মাঠে। সেখানে চাষ করা বিভিন্ন ধরনের সবজি ও মসলার জমিতে আগাছা পরিষ্কার করছেন তারা। শিক্ষকরা হাতে-কলমে বুঝিয়ে দিচ্ছেন কোন ফসলে কী ধরনের জৈব সার কতটুকু প্রয়োগ করতে হবে, ফসলের কোন পর্যায়ে কী ধরনের পরিচর্যা প্রয়োজন এবং রোগবালাই দেখা দিলে কী ব্যবস্থা নিতে হবে।
শুধু ফসল উৎপাদন নয়, শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান দিতে রয়েছে ল্যাবরেটরি। সেখানে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পাশের পুকুরে রয়েছে মাছ চাষের ব্যবস্থা। খামারে গবাদিপশু পালন এবং বিভিন্ন রোগব্যাধি নিয়েও দেওয়া হচ্ছে ব্যবহারিক ধারণা।
ফলে শ্রেণিকক্ষের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি কৃষির বাস্তব প্রয়োগ সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অনুপ্রেরণা উদ্যোক্তা হওয়ার
কলেজটির সাবেক শিক্ষার্থী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চর আবাবিল গ্রামের শফিকুল ইসলাম চৌধুরী। বর্তমানে তিনি স্থানীয় একটি স্নাতকোত্তর প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন।
তিনি বলেন, ‘এখানে এসে যে অনুপ্রেরণা পেয়েছি, তা আমাকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করেছে।’
কুমিল্লার দেবিদ্বার উপজেলার দুয়ারিয়া গ্রামের মো. এখলাছুর রহমান ২০১০ সালে কুমিল্লা কৃষি ও কারিগরি কলেজ থেকে উত্তীর্ণ হন। বর্তমানে তিনি গবাদিপশু ও মাছের ওষুধ প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।
তিনি বলেন, ‘এখানের ডিপ্লোমা কোর্সের বইগুলো অনেক সমৃদ্ধ। বইগুলো ভালোভাবে পড়লে কেউ বেকার থাকবে না।’
২৮ সেক্টরে চাকরির সুযোগ
কলেজের শিক্ষক অরুণা বেগম, শাফায়েত হোসেন ও ডা. এনাম আহমেদ বলেন, কৃষি ডিপ্লোমা সম্পন্ন করা শিক্ষার্থীদের ২৮টি সেক্টরে কাজের সুযোগ রয়েছে। উদ্যোক্তা হিসেবেও তারা নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ পাচ্ছেন। পাঁচ থেকে সাত বছরের মধ্যেই অনেকে ভালো অবস্থানে যেতে পারছেন। দেশের বাইরেও কৃষি বিষয়ে প্রশিক্ষিত জনবলের চাহিদা রয়েছে।
তাদের ভাষ্য, ক্যারিয়ার গড়ার নানা সুযোগ থাকায় শিক্ষার্থীদের মধ্যে কৃষি ডিপ্লোমার প্রতি আগ্রহ বাড়ছে।
তারা আরও বলেন, দেশের অর্থনীতির বড় একটি অংশ কৃষিনির্ভর। প্রশিক্ষিত জনবল ছাড়া কৃষি খাতকে আরও এগিয়ে নেওয়া কঠিন। তাই আধুনিক কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ে দক্ষতা অর্জনের জন্য কৃষি ডিপ্লোমার গুরুত্ব রয়েছে।
মাঠেই শেখানো হয় কৃষির বাস্তব পাঠ
কলেজের প্রশিক্ষক মো. শাহ আলম বলেন, ‘ক্লাসরুমে আমরা শিক্ষার্থীদের বইয়ের বিষয় পড়াই। পাশাপাশি মাঠে হাতে-কলমে সবজি চাষ, মাছ চাষ, গবাদিপশু পালন এবং এসবের রোগব্যাধি সম্পর্কে ধারণা দেওয়া হয়।’
তার মতে, মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা থাকায় শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করার পর নিজেরাই উদ্যোগ নেওয়ার আত্মবিশ্বাস পান।
‘বেকার নয়, উদ্যোক্তা তৈরি করাই লক্ষ্য’
কলেজের অধ্যক্ষ পরামানন্দ গোস্বামী বলেন, ‘আমাদের কলেজটি চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রথম বেসরকারি উদ্যোগের প্রতিষ্ঠান। আমরা বেকার নয়, উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করছি।’
তিনি বলেন, এ প্রতিষ্ঠানে পড়াশোনা করে বেকার থাকার উদাহরণ খুবই কম। শিক্ষার্থীদের কর্মমুখী ও উদ্যোক্তামুখী শিক্ষা দেওয়াই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
পরামানন্দ গোস্বামী আরও বলেন, প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে একটি গ্র্যাজুয়েট প্রতিষ্ঠানে রূপ দেওয়ার স্বপ্ন রয়েছে তাদের।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন
Safe Food Rights Bangladesh (SFRB)
নিরাপদ খাদ্য, আমাদের অধিকার
74, Bir Uttam C.R Datta Road, Hatirpool, Dhaka-1205, Bangladesh.
© Copyright 2026 - sfrbangladesh.com