রাজধানীর উত্তরায় গোজো রামেন নামের একটি জাপানি রেস্তোরাঁকে অপরিষ্কার রান্নাঘর, বাসি খাবার ও পোড়া তেল সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর গরীবে নেওয়াজ রোডের সেক্টর-১৩-এর ৪০ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত গোজো রামেনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে রেস্তোরাঁটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় দেখতে পাওয়া যায়। সেখানে বাসি খাবার ও পোড়া তেলও পাওয়া যায়।
এ ছাড়া ফ্রিজে কোনো ধরনের লেবেল ছাড়াই খাদ্যোপকরণ সংরক্ষণ করতে দেখা যায়। আমদানিকারকের তথ্যবিহীন বিদেশি খাদ্যোপকরণও সংরক্ষণ করা হচ্ছিল।
অভিযানকালে রেস্তোরাঁ কর্তৃপক্ষ বাধ্যতামূলক নিবন্ধন ও সনদ হিসেবে ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, প্রিমিসেস লাইসেন্স, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ এবং রেস্তোরাঁ নিবন্ধন সনদ প্রদর্শনে ব্যর্থ হয়।
এসব অপরাধের দায় স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী রেস্তোরাঁটিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সহায়ক কর্মী এবং ব্যাটালিয়ন আনসারের একটি দল উপস্থিত ছিল।
Safe Food Rights Bangladesh (SFRB)
নিরাপদ খাদ্য, আমাদের অধিকার
74, Bir Uttam C.R Datta Road, Hatirpool, Dhaka-1205, Bangladesh.
© Copyright 2026 - sfrbangladesh.com