প্রতিদিনের রান্নায় ব্যবহৃত সাধারণ লবণের বদলে পটাশিয়াম-সমৃদ্ধ লবণ ব্যবহার করলেই কি লাখো প্রাণ বাঁচানো সম্ভব? ‘নেচার হেলথ’ জার্নালে প্রকাশিত নতুন এক গবেষণা তেমনই সম্ভাবনার কথা বলছে। গবেষণার হিসাবে, সাধারণ টেবিল সল্টের পরিবর্তে পটাশিয়াম-সমৃদ্ধ লবণ ব্যবহার করলে ভারতে প্রতি বছর প্রায় ৪ লাখ মানুষের মৃত্যু এবং ১৫ লাখের বেশি হৃদরোগ ও কিডনি রোগের ঘটনা এড়ানো সম্ভব হতে পারে।
পটাশিয়াম-সমৃদ্ধ লবণ কী?
সাধারণ খাবার লবণ মূলত সোডিয়াম ক্লোরাইড দিয়ে তৈরি। অন্যদিকে, পটাশিয়াম-সমৃদ্ধ লবণে সোডিয়াম ক্লোরাইডের পাশাপাশি পটাশিয়াম ক্লোরাইড মেশানো থাকে। গবেষণায় ৭৫ শতাংশ সোডিয়াম ক্লোরাইড ও ২৫ শতাংশ পটাশিয়াম ক্লোরাইডের মিশ্রণ পরীক্ষা করা হয়েছে।
গবেষকেরা দেখতে চেয়েছেন, এই মিশ্রিত লবণ ব্যবহারে খাবারের স্বাদ বা রান্নার ক্ষেত্রে কোনো পার্থক্য তৈরি হয় কি না। গবেষণায় দেখা গেছে, পটাশিয়াম-সমৃদ্ধ লবণ ব্যবহারের পরও খাবারের স্বাদে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি।
স্বাস্থ্যের জন্য কতটা উপকারী?
খাবারে অতিরিক্ত সোডিয়াম এবং অপর্যাপ্ত পটাশিয়াম থাকলে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়তে পারে। আর উচ্চ রক্তচাপ থেকেই পরবর্তী সময়ে হৃদ্রোগ, স্ট্রোক ও কিডনির অসুখের ঝুঁকি তৈরি হয়।
এ ক্ষেত্রে পটাশিয়াম-সমৃদ্ধ লবণ কিছুটা উপকারী হতে পারে বলে মনে করছেন গবেষকেরা। গবেষণার লেখক অস্ট্রেলিয়ার দ্য জর্জ ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথের অধ্যাপক ব্রুস নীলের মতে, পটাশিয়াম-সমৃদ্ধ লবণের ব্যবহার বাড়ানো গেলে বিশ্বের বেশিরভাগ দেশেই হৃদ্রোগজনিত মৃত্যুর হার কমানো সম্ভব হতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থারও পরামর্শ, রক্তচাপ ও হৃদ্রোগের ঝুঁকি কমাতে খাবারে সোডিয়ামের পরিমাণ কমাতে হবে।
শুধু লবণ বদলালেই কি ঝুঁকি কমবে?
গবেষণার হিসাবে, সাধারণ টেবিল সল্টের পরিবর্তে পটাশিয়াম-সমৃদ্ধ লবণ ব্যবহার করা হলে বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় ১৮ লাখ ৫০ হাজার মৃত্যু এবং প্রায় ৬২ লাখ হৃদ্রোগ ও কিডনি রোগের ঘটনা এড়ানো সম্ভব হতে পারে।
তবে গবেষকেরা মনে করছেন, শুধু রান্নার লবণ পরিবর্তন করলেই সমস্যার পুরো সমাধান হবে না। কারণ প্রক্রিয়াজাত খাবার ও রেস্তোরাঁর খাবারে উল্লেখযোগ্য পরিমাণ সোডিয়াম থাকতে পারে। তাই হৃদ্রোগ ও কিডনি রোগের ঝুঁকি কমাতে অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার ও রেস্তোরাঁর খাবার কমানোর দিকেও নজর দিতে হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের দিনে ৫ গ্রাম বা তার কম লবণ খাওয়া উচিত। কিন্তু বাংলাদেশে মানুষ গড়ে প্রতিদিন প্রায় ৮ থেকে ১১ গ্রাম লবণ খান। ফলে শুধু রান্নায় ব্যবহৃত সাধারণ লবণকে দায়ী না করে সামগ্রিক খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনা জরুরি।
গবেষণাটি তাই ইঙ্গিত দিচ্ছে, প্রতিদিনের খাবারে সোডিয়াম কমানো এবং পটাশিয়ামের পরিমাণ বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত লবণ ও উচ্চ সোডিয়ামযুক্ত খাবার খাওয়ার অভ্যাস কমানোই হতে পারে হৃদ্রোগ ও কিডনি রোগের ঝুঁকি কমানোর কার্যকর উপায়।
সূত্র: এই সময় অনলাইন
Safe Food Rights Bangladesh (SFRB)
নিরাপদ খাদ্য, আমাদের অধিকার
74, Bir Uttam C.R Datta Road, Hatirpool, Dhaka-1205, Bangladesh.
© Copyright 2026 - sfrbangladesh.com