রাজধানীর পলাশী বাজারে সমন্বিত অভিযান চালিয়ে মাছ, মাংস, মুরগি, শাকসবজি ও মুদি দোকানে বিভিন্ন অনিয়ম পেয়েছে সরকারি কয়েকটি সংস্থা। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই ও মাংস বিক্রি, পণ্যের মূল্যতালিকা না থাকা এবং মাছ-মাংসের ওপর লাল বাতি ব্যবহারের মতো অনিয়ম ধরা পড়ে। এ সময় ফ্রিজে সংরক্ষণ করা অন্তত এক সপ্তাহের পুরোনো খাসির মাংস ধ্বংস করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর পলাশীর মোড়ে অবস্থিত ‘পলাশী বাজারে’ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, ঢাকা এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বাজারের মাছ, মাংস, মুরগি, শাকসবজি ও মুদি দোকানগুলো পরিদর্শন করা হয়। এ সময় কয়েকটি দোকানে বিভিন্ন ধরনের অনিয়ম ও ত্রুটি ধরা পড়ে।
অভিযান সংশ্লিষ্টরা জানান, বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই, প্রক্রিয়াকরণ ও মাংস বিক্রি করতে দেখা গেছে। পাশাপাশি ফলের দোকানের সামনে খোলা অবস্থায় মাছ ও মাংসের দোকানও পাওয়া যায়।
একটি খাসির মাংসের দোকানের ফ্রিজে কমপক্ষে এক সপ্তাহের পুরোনো মাংস পাওয়া যায়। পরে মাংসটি তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
এ ছাড়া বাজারের বেশিরভাগ দোকানে পণ্যের মূল্যতালিকা পাওয়া যায়নি। মাছ ও মাংসের ওপর লাল বাতি ব্যবহারের বিষয়টিও অভিযানে নজরে আসে।
অভিযান শেষে বাজার মালিক সমিতিকে এসব অনিয়ম আগামী ১৫ দিনের মধ্যে সংশোধনের নির্দেশনা দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটিগুলো সংশোধন না করলে পরবর্তী অভিযানে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক বি. এম. রুহুল আমিন রিমন নেতৃত্ব দেন। এ সময় বিএফএসএর নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা বাজারের ব্যবসায়ীদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন।
Safe Food Rights Bangladesh (SFRB)
নিরাপদ খাদ্য, আমাদের অধিকার
74, Bir Uttam C.R Datta Road, Hatirpool, Dhaka-1205, Bangladesh.
© Copyright 2026 - sfrbangladesh.com