
খাদ্যে ভেজাল জনস্বাস্থ্যের জন্য বড় একটি উদ্বেগের বিষয়। তবে সব ধরনের ভেজাল খালি চোখে শনাক্ত করা সম্ভব নয়। কিছু ক্ষেত্রে ঘরোয়া উপায়ে প্রাথমিক ধারণা পাওয়া গেলেও নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষাগারের পরীক্ষা প্রয়োজন। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, নির্ভরযোগ্য উৎস থেকে খাদ্য কেনাই সবচেয়ে নিরাপদ উপায়।
খাদ্যে ভেজাল আমাদের জীবনের অন্যতম বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। খাদ্যের ভেজাল শনাক্ত করা গেলে ভেজাল খাদ্য খাওয়া থেকে রেহাই পাওয়া সম্ভব। সহজ কিছু কৌশলে শনাক্ত করা যায় খাদ্যের ভেজাল। চলুন তাহলে জেনে নিই বিভিন্ন খাবারের ভেজাল শনাক্ত করার কিছু সহজ উপায়।
কফির গুঁড়ো
কফিতে মিশ্রিত ভেজাল শনাক্ত করার জন্য ১ গ্লাস পানির উপরে সামান্য কফির গুঁড়ো ছিটিয়ে দিন। কফি পানির উপরে ভাসতে থাকলেও চিকোরি পানির নীচে চলে যাবে এবং রঙের সারি দেখা যাবে।
মরিচের গুঁড়ো
মরিচের গুঁড়োর ভেজাল শনাক্ত করার জন্য ১ গ্লাস পানিতে ১ চামচ মরিচের গুঁড়ো মেশান। যদি পানির রঙ পরিবর্তিত হয়ে যায় তাহলে বুঝতে হবে যে এই মরিচে ভেজাল আছে।
হলুদের গুঁড়ো
ভেজাল নির্ণয়ের জন্য একটি টেস্ট টিউবে হলুদের গুঁড়ো নিয়ে এর মধ্যে কয়েক ফোঁটা গাড় হাইড্রোক্লোরিক এসিড নিন। যদি হলুদের রঙ গোলাপি, রক্তবর্ণ বা বেগুনী হয় তাহলে নিশ্চিতভাবেই বোঝা যায় যে এতে ভেজাল আছে।
সরিষা বীজ এবং তেল
সরিষার ভেজাল নির্ণয়ের জন্য কয়েকটি সরিষা বীজ নিয়ে চূর্ণ করুন। আরগেমন বীজ চূর্ণ করলে এর ভেতরে সাদা গঠন দেখা যাবে। অন্যদিকে সরিষার বীজের ভেতরে হলুদ অংশ দেখা যাবে।
আইসক্রিম
আইসক্রিমের ভেজাল নির্ণয়ের জন্য এর উপর কয়েকফোটা লেবুর রস ফেলুন। যদি ফেঁপে ওঠে তাহলে এতে ওয়াশিং পাউডার থাকাকে নির্দেশ করে।
সবুজ মরিচ
ভেজাল নির্ণয়ের জন্য প্যারাফিনের মধ্যে সামান্য তুলা ভিজিয়ে রাখুন। তারপর এই তুলা দিয়ে মরিচের একটি অংশ অথবা যেকোন সবুজ সবজির এক অংশে লাগিয়ে ঘষুন। তুলাটি সবুজ হয়ে গেলে বুঝতে আর বাকী থাকেনা যে এর মধ্যে কৃত্রিম সবুজ রঙ মেশানো ছিল।
ঘি
একটি টেস্ট টিউবে ১ মিলিলিটার পানি নিয়ে এর মধ্যে ০.৫ গ্রাম ঘি মেশান এবং মিশ্রণটিতে তাপ দিন। ঠান্ডা হওয়ার পরে এর মধ্যে ১ ফোঁটা আয়োডিন যোগ করুন। যদি এর রঙ নীল হয়ে যায় তাহলে বোঝা যায় যে, এর মধ্যে ভেজাল আছে।
চিনি
চিনির ভেজাল নির্ণয়ের জন্য ১ গ্লাস পানিতে চিনি মেশালে যদি সরাসরি নীচে চলে যায় তাহলে তা বিশুদ্ধ চিনি, আর যদি এর মধ্যে ভেজাল থাকে তাহলে এটি পানির উপরে ভাসতে থাকবে।
গোলমরিচ
কয়েকটি গোল মরিচ যদি অ্যালকোহলের মধ্যে দেয়া হয় তাহলে বিশুদ্ধ গোল মরিচ ভাসতে থাকবে এবং ভেজালযুক্ত থাকলে তা নীচে চলে যাবে।
চা
একটি নষ্ট ব্লটিং পেপারের উপরে কিছু চায়ের গুঁড়ো ছিটিয়ে দিন। যদি ব্লটিং পেপারের রঙ হলুদ, কমলা বা লাল হয়ে যায় তাহলে বোঝা যায় যে, এর মধ্যে কৃত্রিম রঙ মেশানো আছে।
ভেজালমুক্ত খাদ্য কেনার উপায়
পরিচিত ও নির্ভরযোগ্য বিক্রেতার কাছ থেকে খাদ্য কিনুন।
প্যাকেটজাত খাদ্য কেনার সময় উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম এবং সিল পরীক্ষা করুন।
ফল, সবজি, মাছ ও মাংস কেনার সময় তাজা ও স্বাভাবিক রঙের পণ্য বেছে নিন।
অস্বাভাবিক উজ্জ্বল রঙ, তীব্র গন্ধ বা অস্বাভাবিক স্বাদের খাবার এড়িয়ে চলুন।
সন্দেহজনক খাদ্য সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।
বিশেষজ্ঞদের মতে, ঘরোয়া কিছু পদ্ধতি প্রাথমিক ধারণা দিলেও ভেজাল শনাক্তের সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো পরীক্ষাগারে রাসায়নিক ও জীবাণুবিষয়ক পরীক্ষা। তাই সচেতনভাবে খাদ্য নির্বাচন এবং বিশ্বস্ত উৎস থেকে কেনাকাটা করাই নিরাপদ থাকার সবচেয়ে কার্যকর উপায়।
সূত্র: খাস ফুড
