মেয়াদোত্তীর্ণ পণ্য পুনঃব্যবহারের অভিযোগে বেকারিকে ১ লাখ টাকা জরিমানা

বগুড়া সদর উপজেলার আটাপাড়া এলাকায় অবস্থিত বেলাল ফুডস নামে একটি বেকারিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ ও ফেরত আসা খাদ্যপণ্য পুনঃব্যবহারের অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ।

অভিযানকালে দেখা যায়, বেকারিটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছে। এছাড়া বাজার থেকে ফেরত আসা এবং মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও পাউরুটি গুঁড়া করে পুনরায় বেকারি পণ্য তৈরিতে ব্যবহার করা হচ্ছিল।

অভিযানে আরও দেখা যায়, প্রতিষ্ঠানটি নিবন্ধন ছাড়াই খাদ্য উৎপাদন ও বাজারজাত করছে। একই সঙ্গে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর মানসনদ ছাড়াই বিভিন্ন বেকারি পণ্য উৎপাদন করা হচ্ছিল। খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা অনুসরণেও গুরুতর অনিয়ম পাওয়া যায়।

এসব অপরাধে প্রতিষ্ঠানটির দায় স্বীকারের পর নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারা অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি দল।

অভিযান শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে সরকারের প্রচলিত আইন ও বিধিমালা মেনে নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাত করার নির্দেশনা প্রদান করেন।

সূত্র: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ