সারাদেশে বাজারে ভোক্তা অধিকার নিশ্চিতে অভিযান, জরিমানা ৭ লাখ ৪৪ হাজার

বুধবার (১৬ সেপ্টেম্বর)  ঢাকা মহানগরসহ দেশের ৩০টি জেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার পরিচালিত এ অভিযানে ৭২টি প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

অধিদপ্তরের ৩৮টি টিম এসব অভিযান পরিচালনা করে। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি মূল্যতালিকা প্রদর্শন, ওজন ও পরিমাপে কারচুপি প্রতিরোধ, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রয় বন্ধ এবং নকল ও ভেজাল পণ্যের উৎপাদন ও বিক্রি রোধে বিভিন্ন বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানে তদারকি করা হয়।

অভিযানকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের সঠিক মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যের বেশি দাম না নেওয়া, মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টি থেকে বিরত থাকা, সঠিক ওজন-পরিমাপ নিশ্চিত করা এবং নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।

পণ্য ক্রয়-বিক্রয়ের সময় রশিদ বা ক্রয় ভাউচার সংরক্ষণ ও প্রদানের বিষয়েও ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

অন্যদিকে, ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য কিনে কৃত্রিম সংকট সৃষ্টি না করা, কেনার আগে মূল্যতালিকা যাচাই, সঠিক ওজন-পরিমাপ নিশ্চিত করা এবং পণ্যের সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ দেখে পণ্য কেনার আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত মূল্যের বেশি দাম না দেওয়া এবং প্রতারিত হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

অভিযানে সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।

জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ