
রোগী ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) মোকাবিলায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ (IPC) ব্যবস্থা জোরদার করা জরুরি। এ লক্ষ্যেই চিকিৎসা ও ক্লিনিক্যাল সেবায় IPC কার্যক্রম আরও শক্তিশালী করতে প্রশিক্ষণ আয়োজন করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (icddr,b)।
১৫ ও ১৬ সেপ্টেম্বর ঢাকার মহাখালীতে icddr,b-এর অ্যামআর গবেষণা ইউনিট ও ইনফেকশাস ডিজিজেস ডিভিশনের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ (ToT) অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (BMU) চিকিৎসক ও নার্স, বিশ্ববিদ্যালয়ের ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (IPC) কমিটির সদস্য ও নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা এবং icddr,b-এর চিকিৎসকসহ মোট ৪৮ জন অংশ নেন।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে IPC বিষয়ে জ্ঞান ও দক্ষতা ছড়িয়ে দিতে একটি দক্ষ প্রশিক্ষকগোষ্ঠী তৈরি করা। এর মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের কার্যকর চর্চা জোরদার করার উদ্যোগ নেওয়া হয়।
icddr,b-এর বায়োসেফটি বিভাগের প্রধান ড. আসাদুলগনি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন। দুই দিনের প্রশিক্ষণে স্ট্যান্ডার্ড ও ট্রান্সমিশন-বেজড সতর্কতা, অস্ত্রোপচার ও নিবিড় পরিচর্যা কেন্দ্রে IPC, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা, জীবাণুমুক্তকরণ, পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, বায়ু চলাচল ও প্রকৌশলগত নিয়ন্ত্রণ এবং কার্যকর প্রশিক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণের প্রথম দিনে icddr,b-এর ইনফেকশাস ডিজিজেস ডিভিশনের অ্যামআর গবেষণা ইউনিটের প্রধান ড. ফাহমিদা চৌধুরী ক্রিটিক্যাল কেয়ার সেন্টারে IPC চর্চা নিয়ে গবেষণার বিভিন্ন ফলাফল তুলে ধরেন। তিনি হাসপাতালগুলোতে কার্যকর IPC ব্যবস্থা জোরদার করার মাধ্যমে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কমানোর সম্ভাবনার বিষয়টি তুলে ধরেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বিভিন্ন দলীয় কাজ ও আলোচনায় নিজেদের প্রতিষ্ঠানে IPC কার্যক্রম আরও কার্যকর করার বাস্তব উপায় নিয়ে মতবিনিময় করেন। প্রশিক্ষণ শেষে সফলভাবে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হয়।
সমাপনী বক্তব্যে icddr,b-এর ইনফেকশাস ডিজিজেস ডিভিশনের সিনিয়র পরিচালক ড. মোস্তাফিজুর রহমান রোগী, স্বাস্থ্যকর্মী ও বৃহত্তর জনগোষ্ঠীকে হাসপাতাল-সংশ্লিষ্ট সংক্রমণ এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স থেকে সুরক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।
icddr,b-এর মতে, প্রশিক্ষক ও IPC-চ্যাম্পিয়ন তৈরি করা গেলে প্রশিক্ষণে অর্জিত জ্ঞানকে দীর্ঘমেয়াদি বাস্তব চর্চায় রূপ দেওয়া সহজ হবে। এর মাধ্যমে স্বাস্থ্যসেবা আরও নিরাপদ করা, হাসপাতাল-সংশ্লিষ্ট সংক্রমণ প্রতিরোধ এবং বাংলাদেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলার প্রচেষ্টা আরও জোরদার হতে পারে।
