নিত্যপণ্যের বাজারে অভিযান, ৮১ প্রতিষ্ঠানকে ৮ লাখ ২৬ হাজার টাকা জরিমানা

ঢাকা মহানগরসহ দেশের ২৯টি জেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বিশেষ তদারকি অভিযান চালিয়ে ৮১টি প্রতিষ্ঠানকে মোট ৮ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন বিভাগ ও জেলা পর্যায়ে নিয়মিত বাজার তদারকির পাশাপাশি এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভোজ্যতেল, ডিমসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখা, সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করা, অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও অতিরিক্ত মূল্য আদায় প্রতিরোধ, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও প্রদান এবং মূল্যতালিকা প্রদর্শনসহ বিভিন্ন বিষয়ে পাইকারি ও খুচরা পর্যায়ে তদারকি করা হয়।

অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয় ও ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রোজিনা সুলতানা ও মুহাম্মদ হাসানুজ্জামানের নেতৃত্বে রাজউক ট্রেড সেন্টার ও খিলক্ষেত বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় রাজউক ট্রেড সেন্টারের ‘ভেপর ভেন্যু’ নামের একটি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ ই-সিগারেট ও লিকুইড বিক্রি ও সংরক্ষণ, ট্রেড লাইসেন্সে মিথ্যা তথ্য প্রদান এবং বৈধ আমদানিকারকের তথ্যবিহীন বিদেশি পণ্য বিক্রির অভিযোগে সাময়িকভাবে সিলগালা করা হয়।

এ ছাড়া খিলক্ষেত বাজারের তিনটি হোটেল-রেস্তোরাঁকে অননুমোদিত রং ও ফ্লেভার ব্যবহার এবং খাদ্য সংরক্ষণে অনিয়মের দায়ে মোট এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। নিষিদ্ধ উপকরণ ব্যবহার করে উৎপাদিত খাদ্য ও উপকরণ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

ঢাকা মহানগরসহ দেশের ২৯টি জেলায় অধিদপ্তরের ৪৪টি দল অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ৮১টি প্রতিষ্ঠানকে মোট ৮ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

অধিদপ্তরের পক্ষ থেকে ব্যবসায়ীদের ভোজ্যতেল, ডিমসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের যৌক্তিক ও ন্যায্য মূল্য নির্ধারণ, সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিক্রি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া বিদেশি পণ্য বিক্রির ক্ষেত্রে বৈধ আমদানিকারকের তথ্যসংবলিত স্টিকারযুক্ত পণ্য বিক্রি, দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যের বেশি দাম না নেওয়া, কৃত্রিম সংকট বা অযৌক্তিক মজুদ না করা, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করা এবং নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

পণ্য ক্রয়-বিক্রয়ের সময় রশিদ সংরক্ষণ ও প্রদানের জন্যও ব্যবসায়ীদের বলা হয়েছে।

অন্যদিকে, ভোক্তাদের গ্যাস সিলিন্ডার কেনার সময় সিলিন্ডারের ওজন, সিল ও দৃশ্যমান ত্রুটি পরীক্ষা করে নেওয়ার অনুরোধ জানিয়েছে অধিদপ্তর। প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনা, পণ্য কেনার আগে মূল্যতালিকা যাচাই করা এবং সঠিক পরিমাপ ও ওজন বুঝে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ দেখে পণ্য কেনা এবং নির্ধারিত মূল্যের বেশি দাম না দেওয়ার জন্য ভোক্তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। পণ্য কেনার সময় বিক্রেতার কাছ থেকে ক্রয় ভাউচার সংগ্রহ করতে বলা হয়েছে।

পণ্য কিনে প্রতারিত হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানাতে বলা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ