ঢাকা ওয়াসার এটিএম বুথের পানিতে ‘ফরেভার কেমিক্যাল’,  যাচাই হবে সুইডেনে

ঢাকা ওয়াসার আটটি জোনের এটিএম বুথ থেকে সংগ্রহ করা পানির নমুনায় পিএফএএস, কীটনাশক ও ফার্মাসিউটিক্যাল পদার্থের উপস্থিতি পাওয়ার তথ্যের পর বিষয়টি নতুন করে পরীক্ষা করা হবে। এ জন্য ঢাকা ওয়াসার পানির নমুনা সুইডেনের একটি পরীক্ষাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার এক প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মোবাশ্বের আলম ভূঁইয়া জানতে চান, ঢাকা ওয়াসার পানিতে ক্যানসার সৃষ্টিকারী কোনো পদার্থ পাওয়া গেছে কি না। এর জবাবে তিনি একটি গবেষণা প্রতিবেদনের কথা উল্লেখ করে বলেন, ওয়াসার আটটি জোনের এটিএম বুথ থেকে সংগ্রহ করা পানির নমুনায় পিএফএএস, কীটনাশক ও ফার্মাসিউটিক্যাল পদার্থের উপস্থিতি পাওয়া গেছে বলে জানা গেছে।

জবাবে মন্ত্রী বলেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি দল ঢাকা ওয়াসার আটটি এটিএম বুথ থেকে পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ইউরোপের একটি দেশে পাঠিয়েছিল। পরীক্ষায় একটি নমুনায় অনুমোদিত সীমার চেয়ে বেশি মাত্রায় পিএফএএস পাওয়া গেছে বলে জানা গেছে।

তিনি বলেন, নমুনা সংগ্রহের বিষয়টি ঢাকা ওয়াসাকে জানানো হয়নি। বর্তমানে ওয়াসার অধীনে প্রায় ৩০০টি এটিএম বুথ রয়েছে। তবে গবেষণার ফলাফল এখনো প্রকাশিত হয়নি।

বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে গবেষক দল ও ঢাকা ওয়াসার প্রতিনিধিদের সমন্বয়ে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ বা প্রতিবেশী দেশগুলোতে এ ধরনের পরীক্ষা করা হয় না। তাই পানির নমুনা পুনরায় পরীক্ষার খরচ নির্ধারণের জন্য গত ২৭ অক্টোবর কমিটি গঠন করা হয়।

কমিটির সুপারিশের ভিত্তিতে পানির নমুনাগুলো পুনরায় পরীক্ষার জন্য সুইডেনের একটি পরীক্ষাগারে পাঠানো হবে বলে জানান তিনি।

এদিকে সংসদ সদস্য রোকেয়া বেগমের এক প্রশ্নের জবাবে মঈন খান বলেন, ঢাকা ওয়াসা বর্তমানে প্রতিদিন ৩১৪ কোটি লিটার পানি সরবরাহ করছে। চাহিদা পূরণে বর্তমানে কোনো ঘাটতি নেই।

গ্রাহকদের সরবরাহ করা পানির গুণমান ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ওয়াসা প্রতিদিন ৪০ থেকে ৫০টি পানির নমুনা পরীক্ষা করে থাকে বলেও জানান মন্ত্রী।

পিএফএএস কী?

পিএফএএস হলো মানবসৃষ্ট এক ধরনের রাসায়নিক পদার্থ। তাপ, দাগ, তেল ও পানি প্রতিরোধী বৈশিষ্ট্যের কারণে বিভিন্ন ব্যবহার্য পণ্য তৈরিতে এটি ব্যবহৃত হয়। কলকারখানার বর্জ্য ও দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন পণ্যের মাধ্যমে পিএফএএস মাটি ও পানিতে ছড়িয়ে পড়তে পারে।

প্রকৃতিতে সহজে ভেঙে বা নষ্ট না হওয়ায় পিএফএএসকে ‘ফরেভার কেমিক্যাল’ বা ‘চিরস্থায়ী রাসায়নিক’ বলা হয়। দীর্ঘমেয়াদি সংস্পর্শে এ ধরনের রাসায়নিক বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে এবং কিছু পিএফএএসের সঙ্গে ক্যানসারসহ নানা স্বাস্থ্যঝুঁকির সম্পর্ক পাওয়া গেছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ