
রাজধানী ঢাকায় প্রায় তিন কোটি মানুষের বসবাস। এর মধ্যে এক কোটিরও বেশি মানুষ প্রতিদিন বিশুদ্ধ পানি পান করতে পারেন না বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
তিনি বলেন, দূষিত পানি পান করার কারণে মানুষের শরীরে নানা ধরনের রোগ ছড়িয়ে পড়ছে। এ অবস্থা চলতে থাকলে দেশে হাসপাতালের সংখ্যা যেমন বাড়বে, তেমনি বাড়বে রোগীর সংখ্যাও।
বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) নির্মাণ, আবাসন, বিদ্যুৎ ও পানি ব্যবস্থাপনা খাতের আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া-প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম।
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, পানিকে আমরা খুব সহজলভ্য বিষয় হিসেবে দেখি। পানির গুরুত্ব সেভাবে উপলব্ধি করি না। অথচ প্রতিদিন সকালে দুই থেকে তিন গ্লাস পানি পান করি। কিন্তু সেই পানি বিশুদ্ধ কি না, তা নিয়ে কতটা ভাবি?
তিনি বলেন, খাদ্যে ভেজাল কিংবা যানবাহনের ধোঁয়া ও কার্বন দূষণের পাশাপাশি প্রতিদিন পান করা দূষিত পানিও মানুষের স্বাস্থ্যের জন্য বড় হুমকি।
রাজধানীকে ঘিরে থাকা বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদীর প্রসঙ্গ তুলে ধরে ফরহাদ হোসেন আজাদ বলেন, একসময় এসব নদী মাছের জন্য পরিচিত ছিল। কিন্তু এখন সেখানে মাছ চাষের উপযোগী পরিবেশ নেই। এসব নদীর পানি ব্যবহার করলে নানা ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
তিনি বলেন, নদীমাতৃক বাংলাদেশের নদীগুলোর প্রাণ ফিরিয়ে আনা এবং নাব্য পুনরুদ্ধারে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন, পুনঃখনন ও পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার গঠনের তিন মাসের মাথায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন করা হয়েছে। আগামী ফেব্রুয়ারির শেষ দিকে অথবা মার্চের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী প্রকল্পটির নির্মাণকাজ উদ্বোধন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
ছয় আন্তর্জাতিক প্রদর্শনী শুরু
সেমস-গ্লোবাল ইউএসএ আয়োজিত ছয়টি আন্তর্জাতিক প্রদর্শনী বৃহস্পতিবার আইসিসিবিতে শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে ৩১তম বিল্ড বাংলাদেশ, ২৫তম রিয়েল এস্টেট এক্সপো, ২৮তম পাওয়ার বাংলাদেশ, ২৩তম সোলার বাংলাদেশ, ৮ম ঢাকা আন্তর্জাতিক লাইটিং এক্সপো এবং ৮ম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো।
তিন দিনব্যাপী এসব প্রদর্শনী আগামী শনিবার পর্যন্ত চলবে।
