সবজির নামে শরীরে ঢুকছে বিষ: ঘটাচ্ছে ক্যান্সারসহ বিভিন্ন রোগ

শরীর সুস্থ রাখতে সবজি খাওয়ার পরামর্শ দেওয়া হলেও সেই সবজিই যদি অতিরিক্ত কীটনাশকে উৎপাদিত হয়, তা জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। ঢাকার আশপাশের বিভিন্ন সবজি উৎপাদন এলাকা ঘুরে দেখা গেছে, কীটনাশক প্রয়োগের এক-দুই দিনের মধ্যেই অনেক সবজি তুলে বাজারে পাঠানো হচ্ছে। পাশাপাশি কম দামের ও নিম্নমানের বালাইনাশক ব্যবহারের অভিযোগও রয়েছে।

সাভারের বিরুলিয়া ইউনিয়নের ভাগ্নিবাড়ি এলাকার কৃষক আব্দুর রাজ্জাক প্রায় ৪০ বছর ধরে বিভিন্ন সবজি চাষ করছেন। সম্প্রতি তাঁর চালকুমড়া ও শসার ক্ষেতে গিয়ে দেখা যায়, কোনো সুরক্ষা ব্যবস্থা ছাড়াই তিনি কীটনাশক ছিটাচ্ছেন।

আব্দুর রাজ্জাক বলেন, ‘সাধারণত যেদিন বিষ দিই, তার এক দিন পরেই ক্ষেতে থেকে ফসল তুলে বাজারে বিক্রি করে দিই। বাজারে ভালো দাম থাকলে পরের দিনই ফসল তুলে ফেলি। কোনো কোনো সপ্তাহে দুইবারও কীটনাশক স্প্রে করা হয়।’

তিনি প্রোক্লেম-০৫ এসজি নামের একটি কীটনাশকের প্যাকেট দেখিয়ে বলেন, ‘আজ এটা দিয়েছি। চালকুমড়া বিক্রির উপযোগী হয়েছে। আর এক দিন পরেই তুলে বাজারে বিক্রি করব।’

তবে ওই কীটনাশকের প্যাকেটেই লেখা রয়েছে, শেষবার প্রয়োগের পর সাত থেকে ১৪ দিন পর্যন্ত ফসল না তোলার নির্দেশনা।

একই এলাকার কৃষক জাহাঙ্গীর আলম বলেন, ‘এমনও হয় যে আগের দিন গাছে বিষ দিয়েছি, পরের দিন ভোরে শসা তুলে ঢাকায় পাঠিয়ে দিয়েছি।’

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিভিন্ন গ্রামেও একই চিত্র দেখা গেছে। কৃষকদের কেউ কেউ সপ্তাহে একাধিকবার কীটনাশক প্রয়োগ করছেন এবং দু-এক দিনের মধ্যেই সবজি বাজারে পাঠাচ্ছেন।

কৃষক আলী হোসেন বলেন, ‘সার কিংবা কীটনাশক দেওয়ার এক দিন পরেই আমরা ফসল কাটি। কী ক্ষতি হলো, না হলো সেটা দেখার সময় কই? শ্রম, কীটনাশক ও সারের টাকা তুলে লাভ পাওয়াটাই বড় বিষয়।’

কম দামের বালাইনাশকের ব্যবহার

কৃষকদের একটি অংশ খরচ কমাতে কম দামের বালাইনাশক ব্যবহার করছেন। সাটুরিয়ার কৃষক হামিদুর রহমান বলেন, ভালো মানের বালাইনাশকের দাম বেশি হওয়ায় কম দামের কিছু পণ্য ব্যবহার করেন তারা। কৃষি অফিস থেকে এগুলো ক্ষতিকর বলে জানানো হলেও লাভের আশায় অনেকেই তা ব্যবহার করছেন।

এক কীটনাশক বিক্রেতা জানান, ভালো ব্র্যান্ডের পণ্যে লাভ কম হলেও নিম্নমানের পণ্যে লাভ বেশি। কৃষকদের চাহিদার কারণে সেগুলো বিক্রি করা হয়।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বালাইনাশক বিশ্লেষণ গবেষণাগারের তথ্য অনুযায়ী, বাজারের বিভিন্ন সবজির নমুনার ৮ থেকে ১২ শতাংশে বালাইনাশকের সর্বোচ্চ সহনীয় মাত্রা পাওয়া গেছে।

প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, পুরনো ও বিষাক্ত বালাইনাশকের দাম কম হওয়ায় কৃষকরা সেগুলো বেশি ব্যবহার করছেন। আধুনিক ও তুলনামূলক কম ক্ষতিকর বালাইনাশকে ভর্তুকি দেওয়া হলে কৃষকরা নিরাপদ বিকল্প ব্যবহারে উৎসাহিত হবেন।

সবজিতে সিসা-ক্যাডমিয়াম

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাম্প্রতিক গবেষণায় ঢাকার বিভিন্ন বাজার থেকে সংগ্রহ করা শাক-সবজির নমুনায় সহনীয় মাত্রার চেয়ে বেশি সিসা, ক্যাডমিয়াম ও ক্ষতিকর জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, শাক-সবজির নমুনায় ১ দশমিক ১৬ থেকে ২ দশমিক ৩৭ পিপিএম পর্যন্ত সিসা পাওয়া গেছে। যেখানে সহনীয় মাত্রা ০ দশমিক ৩ পিপিএম। অর্থাৎ সর্বোচ্চ পাওয়া মাত্রা নির্ধারিত সীমার প্রায় সাত গুণ।

২০২৪ সালের আরেক গবেষণায় আলু, বেগুন, ঢেঁড়স, টমেটো, লালশাক, পটোল, বাঁধাকপি, শসা ও মটরশুঁটিসহ বিভিন্ন সবজিতে সিসা, ক্রোমিয়াম ও ক্যাডমিয়ামের উচ্চমাত্রার উপস্থিতি পাওয়া যায়। সবচেয়ে বেশি ভারী ধাতু পাওয়া যায় লালশাকে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পৃথক গবেষণায় লালশাকে সর্বোচ্চ ৭০৪ দশমিক ৩২ মাইক্রোগ্রাম ক্যাডমিয়াম পাওয়া গেছে, যেখানে সহনীয় মাত্রা ১৯০ মাইক্রোগ্রাম। বেগুন, ঢেঁড়স ও টমেটোতেও সহনীয় মাত্রার বেশি ক্যাডমিয়াম পাওয়া গেছে।

বেগুনেও ক্ষতিকর উপাদান

সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ উপজেলার কয়েকটি এলাকার বেগুনে সিসা, নিকেল ও ক্যাডমিয়ামসহ একাধিক ক্ষতিকর উপাদানের মাত্রাতিরিক্ত উপস্থিতি পাওয়া গেছে।

গবেষণার সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. জাকির হোসেন বলেন, এসব ক্ষতিকর উপাদানযুক্ত বেগুন দীর্ঘদিন গ্রহণ করলে ক্যান্সারসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়তে পারে। তাই বেগুনসহ অন্যান্য সবজিতে ভারী ধাতুর উপস্থিতি নিয়ে দেশব্যাপী গবেষণা প্রয়োজন।

বিশেষজ্ঞদের মতে, নিরাপদ সবজি উৎপাদনে শুধু কৃষকদের সচেতন করাই যথেষ্ট নয়। কীটনাশক প্রয়োগের পর নির্ধারিত সময়ের আগে ফসল বাজারজাত বন্ধ, নিম্নমানের বালাইনাশক বিক্রি রোধ এবং মাঠপর্যায়ে কার্যকর নজরদারি নিশ্চিত করতে হবে।

সূত্র: কালের কণ্ঠ

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ