নিত্যপণ্যের বাজারে অভিযান অব্যাহত, জরিমানা ৪ লাখ ৯৩ হাজার টাকা

ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখা ও পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অভিযানে ২৪টি জেলায় ৬৬টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৪ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) ঢাকা মহানগরসহ দেশের ২৪টি জেলায় অধিদপ্তরের ৩৯টি টিম একযোগে পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়। একই সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি, ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি, নকল ও ভেজাল পণ্যের উৎপাদন ও বিক্রি এবং হোটেল-রেস্তোরাঁয় সংশ্লিষ্ট বিধিবিধান প্রতিপালনের বিষয়গুলো তদারকি করা হয়।

এ ছাড়া ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিকভাবে পণ্য মজুদ এবং সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। ব্যবসাপ্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করার জন্যও সতর্ক করা হয়।

অভিযান চলাকালে জনসচেতনতা বাড়াতে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

বাজার তদারকি কার্যক্রমে সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।

ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য কিনে কৃত্রিম সংকট সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে অধিদপ্তর। পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

একই সঙ্গে সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করে পণ্য কেনা এবং ক্রয়ের সময় বিক্রেতার কাছ থেকে ভাউচার সংগ্রহের জন্য ভোক্তাদের অনুরোধ করা হয়েছে।

পণ্য কেনার ক্ষেত্রে কোনো অনিয়ম বা প্রতারণার শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন **১৬১২১**-এ অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, বাজারে শৃঙ্খলা, ন্যায্যমূল্য ও পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ