
দিনাজপুরে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ ‘কাঞ্চন-১’-এ আয়োজিত এ কর্মশালার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. আনোয়ারুল ইসলাম সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যুগ্ম সচিব আ.ন.ম. নাজিম উদ্দীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. রিয়াজউদ্দীন, দিনাজপুরের পুলিশ সুপার জিদান আল মুসা (পিপিএম) এবং জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মো. গোলাম রসুল রাখি। কর্মশালায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ী, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং দিনাজপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করতে হলে সচেতনতার সূচনা হতে হবে পরিবার থেকেই। বিশেষ করে শিশু-কিশোররা বাইরে থেকে যে খাবার কিনে খায় সেগুলো স্বাস্থ্যসম্মতভাবে প্রস্তুত হয়েছে কি না, সে বিষয়ে অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সতর্ক থাকা প্রয়োজন। তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা বাড়াতে জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তাদের পাশাপাশি সমাজের সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। এ লক্ষ্যে স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে নিয়মিত প্রচার-প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
