
বগুড়া-সিরাজগঞ্জ জেলাকে উত্তরবঙ্গের “সবজির রাজধানী” বলা হয়, অথচ এখানকার সবজি চাষে কীটনাশকের অপব্যবহার সবচেয়ে বেশি।
যেহেতু এই অঞ্চল সবজি, ফল, বীজ ইত্যাদি চাষের জন্য উপযুক্ত আবহাওয়া এবং উর্বর মাটি, সেই সুযোগে অধিক লাভের আশায় অতিরিক্ত কীটনাশক সার দিয়ে তারা এই হীরার মতো মাটিকে ধ্বংস করে ফেলেছে!
শুধু মাটি নয়, মাটির কীটনাশক গিয়ে মিশেছে নদীতে, নদীর মাছে!
নেচার জার্নালে প্রকাশিত ২০২৬ সালের একটি গবেষণা অনুযায়ী, যমুনা নদী তীরবর্তী সিরাজগঞ্জ জেলায় কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু ভয়াবহ তথ্য উঠে এসেছে। সিরাজগঞ্জের প্রায় ৬৮.৭% কৃষক নির্ধারিত মাত্রার চেয়ে অনেক বেশি ঘনত্বের কীটনাশক ফসলে স্প্রে করেন।
এমনকি বাজার পর্যন্ত ফসল যাতে তাজা ও সুন্দর দেখায়, সেজন্য ফসল তোলার ঠিক আগমুহূর্তেও কৃষকরা কীটনাশক স্প্রে করে থাকেন। এতে গ্রাহকদের হাতে সরাসরি যাচ্ছে বিষ!
বগুড়া ও সিরাজগঞ্জের ফসলের জমিতে ব্যবহৃত অতিরিক্ত কীটনাশক (যেমন- ক্লোরপাইরিফস, সাইপারমেথ্রিন) বৃষ্টির পানি এবং বন্যার মাধ্যমে ধুয়ে যমুনা নদীর মাছের ফুলকা ও ত্বকের মাধ্যমে তাদের শরীরে প্রবেশ করে। এই ভয়াবহ বিষাক্ত উপাদানগুলো মাছের চর্বি ও মাংসে জমা হতে থাকে, যা পরবর্তীতে খাদ্যশৃঙ্খলের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে দীর্ঘমেয়াদী স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। একই সাথে যমুনা নদীর পানি, মাছ এবং সার্বিক জলজ বাস্তুতন্ত্রের (Aquatic Ecosystem) ওপর অত্যন্ত মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে।
এখানকার প্রায় ৫০.৩% কৃষক সরাসরি কীটনাশক ব্যবহারের কারণে ক্যান্সার, চুলকানি ইত্যাদি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন।
যমুনা নদীর মাছ এবং পানির দূষণ নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক স্তরে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ গবেষণা হয়েছে। একই সাথে বাংলাদেশ সরকার এই পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় কিছু নির্দিষ্ট নীতি ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ করেছে।
যেমন, জার্নাল অব মেটেরিয়ালস অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স-এর এক গবেষণায়) পদ্মা, মেঘনা ও যমুনা নদীর পানি, মাটি এবং পলি পরীক্ষা করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, কৃষি ও শিল্প বর্জ্যের কারণে যমুনার পানিতে ক্যাডমিয়াম, লেড (সীসা) এবং ক্রোমিয়ামের মতো ভারী ধাতু এবং কীটনাশকের অবশিষ্টাংশ মিশছে। এগুলো মাছের শরীরে প্রবেশ করে মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
রিসার্চগেট-এ প্রকাশিত একটি গবেষণায় যমুনা নদীর ৭টি প্রধান দেশীয় প্রজাতির মাছের পরিপাকতন্ত্র পরীক্ষা করা হয়। ফলাফলে দেখা গেছে, প্রায় ৭৬% মাছের পেটে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক এবং রাসায়নিক কণার উপস্থিতি রয়েছে, যা মাছের প্রজনন ক্ষমতা কমিয়ে দিচ্ছে।
লেখক: মেহেরুন নেছা শাহেলী
স্বত্বাধিকারী, আহরোণ
* মতামত লেখকের নিজস্ব
