
দক্ষিণ কেনিয়ার আম্বোসেলি ন্যাশনাল পার্কসংলগ্ন এলাকায় বিগত এক মাসে ১৫টি হাতির মৃত্যু হয়েছে। পার্শ্ববর্তী খামার থেকে নেওয়া টমেটো খাওয়ার পর সায়ানাইড বিষক্রিয়ায় এসব হাতির মৃত্যু হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছে দেশটির বন্য প্রাণী কর্তৃপক্ষ।
পার্কটির সীমান্তবর্তী এলাকায় ব্যাপক কৃষি ও গবাদি পশু পালন করা হয়ে থাকে। ক্ষেতের ফসল খাওয়া থেকে আটকাতে অতীতে কৃষকদের দ্বারা হাতিকে বিষ দেওয়ার ঘটনার ইতিহাস থাকলেও এবার টমেটোতে সায়ানাইড মেশানোর ঘটনায় কর্তৃপক্ষ কাউকে সুনির্দিষ্টভাবে অভিযুক্ত করেনি।
কেনিয়ার বন্য প্রাণী সেবা বিভাগের (কেডব্লিউএস) মহাপরিচালক এরাস্টাস কাঙ্গা জানান, প্রাথমিক গবেষণাগার পরীক্ষায় সায়ানাইডের উপস্থিতি ধরা পড়েছে। তিনি বলেন, সায়ানাইড অত্যন্ত বিষাক্ত একটি রাসায়নিক, বিশেষ করে হাতিদের জন্য। তিনি আরো সতর্ক করে জানান, বন্য প্রাণী ছাড়াও ওই এলাকায় স্থানীয় ছাগল ও গরুর মতো গবাদি পশু চড়ে বেড়ায়।
সূত্র : এপি
