
রাজশাহী মহানগরীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে গুণগত মানসনদ ছাড়াই মিষ্টি উৎপাদন এবং নবায়ন ছাড়া দই ও ঘি উৎপাদন ও বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতে নগরীর ভদ্রা মোড় সংলগ্ন আরাফাত মিষ্টি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইর বাধ্যতামূলক গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) গ্রহণ ছাড়াই সুইটমিট (মিষ্টি) উৎপাদন ও বিক্রি-বিতরণ করছে। এছাড়া ফার্মেন্টেড মিল্ক (দই) ও ঘি-এর সিএম লাইসেন্স নবায়ন ছাড়াই উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল।
এ সময় উৎপাদিত পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখসহ অন্যান্য অত্যাবশ্যকীয় তথ্যসম্বলিত লেবেল না থাকার বিষয়টিও ধরা পড়ে।
এসব অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত আরাফাত মিষ্টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে মাননিয়ন্ত্রণ ও নিরাপদ পণ্য নিশ্চিত করতে এ ধরনের বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সূত্র: বিএসটিআই
