
ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন বিভাগ ও জেলা পর্যায়ে বাজার তদারকি চালিয়ে ১৪১টি প্রতিষ্ঠানকে ১০ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকা মহানগরসহ দেশের ৪৯টি জেলায় অধিদপ্তরের ৩২৩টি টিম এসব বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন, ওজন ও পরিমাপে কারচুপি প্রতিরোধ, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ঔষধ বিক্রি বন্ধ এবং নকল ও ভেজাল পণ্য উৎপাদন ও বিক্রি রোধে বিভিন্ন বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
অভিযানে ১৪১টি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে জনসচেতনতা বাড়াতে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়। পাশাপাশি হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
অধিদপ্তরের বাজার তদারকি কার্যক্রমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।
অধিদপ্তর ভোক্তাদের পণ্য কেনার আগে মূল্যতালিকা যাচাই করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে পণ্যের সঠিক ওজন ও পরিমাপ বুঝে নেওয়া, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করে খাদ্য, পণ্য বা ঔষধ কেনার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া মিথ্যা ও প্রতারণামূলক বিজ্ঞাপন থেকে সতর্ক থাকা এবং ধার্য করা মূল্যের চেয়ে বেশি দাম না দেওয়ার জন্য ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছে অধিদপ্তর।
জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সূত্র: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর
