
বিএসটিআইয়ের পৃথক মোবাইল কোর্ট অভিযানে রাজশাহী ও চাঁদপুরে চারটি প্রতিষ্ঠানকে মোট ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৪ আগস্ট ২০২৬ তারিখে পণ্যের মান নিয়ন্ত্রণে এসব অভিযান পরিচালনা করা হয়।
রাজশাহী মহানগরীতে বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পরিচালিত অভিযানে বিসিক শিল্পনগরী এলাকার রোজ পিওর ড্রিংকিং ওয়াটারকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। গুণগত মানসনদ নবায়ন ছাড়াই প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বিক্রি-বিতরণ এবং পণ্যের লেবেলে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহারের কারণে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
একই এলাকায় শোয়াইব সিফাত বেকারীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ডেকোরেটেড কেক উৎপাদন ও বিক্রি-বিতরণের দায়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
অন্যদিকে, বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা ও জেলা প্রশাসন, চাঁদপুরের যৌথ উদ্যোগে চাঁদপুর সদর উপজেলায় পরিচালিত অভিযানে দুটি বেকারিকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআইয়ের মান সনদ গ্রহণের আবেদন না করেই সুইটমিট, ফার্মেন্টেড মিল্ক, বিস্কুট, ব্রেড ও কেক পণ্য বিক্রি, বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপনের অপরাধে ইলিশ চত্বরের কাশ্মীরি সুইটস অ্যান্ড লাইভ বেকারিকে ২৫ হাজার টাকা এবং মিশন রোডের আরাবিয়ান সুইটস অ্যান্ড পেশ্ট্রি শপকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
চাঁদপুরের অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমাত উল্লাহ নেতৃত্ব দেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুমিল্লার ফিল্ড অফিসার (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল।
বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে পণ্যের মান নিয়ন্ত্রণে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: বিএসটিআই
