
ঢাকা মহানগরসহ দেশের ১৬টি জেলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকিতে ৩৫টি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) অধিদপ্তরের ২৭টি টিম বিভিন্ন বিভাগ ও জেলা পর্যায়ে এ তদারকি কার্যক্রম পরিচালনা করে।
তদারকির সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি মূল্যতালিকা প্রদর্শন, ওজন ও পরিমাপে কারচুপি প্রতিরোধ, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি বন্ধ এবং নকল ও ভেজাল পণ্য উৎপাদন ও বিক্রয় রোধে বিভিন্ন বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।
এ সময় জনসচেতনতা বাড়াতে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয় এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং বিভিন্ন শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।
ভোক্তাদের পণ্য কেনার আগে মূল্যতালিকা, সঠিক ওজন ও পরিমাপ, সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার আহ্বান জানিয়েছে অধিদপ্তর। একই সঙ্গে মিথ্যা ও প্রতারণামূলক বিজ্ঞাপন থেকে সতর্ক থাকার এবং নির্ধারিত মূল্যের বেশি দাম না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সূত্র: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর
