
ডিম, চিনি ও ভোজ্যতেলের বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন বিভাগ ও জেলা পর্যায়ে বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৩ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে ঢাকা মহানগরসহ দেশের ৩০টি জেলায় অধিদপ্তরের ৪৫টি টিম বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে ৭৮টি প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ ৬১ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, নিয়মিত বাজার তদারকির পাশাপাশি ডিম, ভোজ্যতেল ও চিনি ন্যায্যমূল্যে বিক্রি, সরবরাহ স্বাভাবিক রাখা, অতিরিক্ত মূল্য আদায় প্রতিরোধ, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধ এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ নিশ্চিত করতে পাইকারি ও খুচরা পর্যায়ে বিশেষ তদারকি চালানো হয়।
তদারকি কার্যক্রমের সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়।
এদিকে, একজন সাংবাদিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বাজারে তিল ও চিনাবাদাম দিয়ে তৈরি নাড়ু-জাতীয় খাদ্যপণ্যের বিষয়ে যাচাই ও অধিকতর তদন্তে অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে একটি দল গাজীপুরের প্রহলাদপুর এলাকায় অবস্থিত খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান খিদমা ফুডে সরেজমিনে মনিটরিং কার্যক্রম পরিচালনা করে।
তদারকির সময় দেখা যায়, খাদ্য প্রস্তুতকাজে নিয়োজিত কর্মচারীরা নির্ধারিত এপ্রোন, হ্যান্ডগ্লাভস ও মাস্ক ব্যবহার করছেন না। পাশাপাশি উৎপাদনস্থলে প্রয়োজনীয় পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধিও যথাযথভাবে অনুসরণ করা হচ্ছিল না।
এসব অনিয়মের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে নির্ধারিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।
ব্যবসায়ীদের প্রতি অধিদপ্তরের নির্দেশনা
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে হালনাগাদ ও সঠিক মূল্যতালিকা প্রদর্শন, সরকার নির্ধারিত মূল্যের বেশি মূল্য গ্রহণ না করা, মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টি থেকে বিরত থাকা এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
এ ছাড়া নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং পণ্য ক্রয়-বিক্রয়ের সময় রশিদ সংরক্ষণ ও প্রদান নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
ভোক্তাদের প্রতি আহ্বান
ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য কিনে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি না করার অনুরোধ জানিয়েছে অধিদপ্তর।
পণ্য কেনার আগে মূল্যতালিকা যাচাই, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ দেখে পণ্য কেনার পরামর্শ দেওয়া হয়েছে।
কোনো পণ্যের জন্য নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য পরিশোধ না করা এবং পণ্য কেনার সময় বিক্রেতার কাছ থেকে অবশ্যই ক্রয় রশিদ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।
পণ্য কিনে প্রতারিত হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নম্বর ১৬১২১-এ অভিযোগ জানানোর অনুরোধ করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সূত্র: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর
