
ফলের বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত, অতিরিক্ত দাম আদায় বন্ধ, সঠিক ওজন ও মান বজায় রাখা এবং ভোক্তা অধিকার সুরক্ষায় ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকায় বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নিয়মিত বাজার তদারকির পাশাপাশি দেশের ৩০টি জেলায় অধিদপ্তরের ৪৫টি টিম পাইকারি ও খুচরা পর্যায়ে এ বিশেষ কার্যক্রম পরিচালনা করে। অভিযানে মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, ফলের গুণগতমান, সঠিক ওজন, সরবরাহ পরিস্থিতি এবং যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কি না, এসব বিষয় যাচাই করা হয়।
অভিযানে ৯৩টি প্রতিষ্ঠানকে মোট ৮ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
অধিদপ্তর ব্যবসায়ীদের তাজা, নিরাপদ ও মানসম্মত ফল বিক্রি, পচা ফল ভালো ফলের সঙ্গে না মেশানো এবং ক্ষতিকর রাসায়নিক বা অননুমোদিত পদার্থ ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সংরক্ষণ ও পরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলা, সঠিক ওজন দেওয়া, ন্যায্য মূল্য নির্ধারণ, হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ ও প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
ভোক্তাদেরও ফল কেনার সময় মান ও পরিচ্ছন্নতা যাচাই, সন্দেহজনক রং বা অতিরিক্ত চকচকে ফলের ক্ষেত্রে সতর্ক থাকা, মূল্যতালিকা ও ওজন যাচাই এবং বিক্রেতার কাছ থেকে ক্রয় ভাউচার নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ফল খাওয়ার আগে পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নেওয়ারও অনুরোধ জানিয়েছে অধিদপ্তর।
ফলের মান, ওজন বা মূল্য নিয়ে কোনো অনিয়ম দেখা গেলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানাতে বলা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।
সূত্র: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর
