
শিশুদের পছন্দের কেক-মাফিনের মান নিয়ে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) খাদ্য পরীক্ষাগারে। পরীক্ষায় কাজী ফার্মসের একটি মাফিন কেকে নির্ধারিত মানের চেয়ে অম্লতা বেশি পাওয়া গেছে এবং সরকার নির্ধারিত প্রিজারভেটিভের উপস্থিতি পাওয়া যায়নি। পরীক্ষাগারের বিশ্লেষকদের মতে, পণ্যটি মানহীন ও খাবার অনুপযোগী।
এ ঘটনায় বিশুদ্ধ খাদ্য আদালতে মামলার পর কাজী ফার্মসকে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ডিএসসিসি জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের মানহীন পণ্য উৎপাদন বা বাজারজাত না করার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে।
ডিএসসিসির খাদ্য পরীক্ষাগারে বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠানের মোড়কজাত খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কাজী ফার্মসের মাফিন কেকের পরীক্ষার ফলাফলে অম্লতার মাত্রা নিয়ে সমস্যা ধরা পড়ে।
ল্যাবের পরীক্ষায় দেখা যায়, উৎপাদনের ১৫ দিন পর ওই কেকের অম্লতার মাত্রা পাওয়া যায় ৩ দশমিক ৩২। সংশ্লিষ্ট মান অনুযায়ী যেখানে এই মাত্রা ১ থাকার কথা। একই সঙ্গে কেকটিতে সরকার নির্ধারিত প্রিজারভেটিভও পাওয়া যায়নি।
ডিএসসিসির খাদ্য পরীক্ষাগারের জনস্বাস্থ্য এনালিস্ট ইলিয়াছ জাহেদী বলেন, পরীক্ষায় পণ্যটি মানহীন পাওয়া গেছে। এতে অম্লতা ও আর্দ্রতা বৃদ্ধি পেয়েছে এবং যে প্রিজারভেটিভ ব্যবহারের কথা ছিল, সেটিও পাওয়া যায়নি।
ডিএসসিসির খাদ্য পরিদর্শক কামরুল ইসলাম জানান, প্রতিষ্ঠানটিকে চার লাখ টাকা করে মোট আট লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের পণ্য উৎপাদন বা বাজারজাত না করা হয়, সে বিষয়ে সতর্ক করা হয়েছে।
মানহীন পণ্য বিক্রির বিষয়ে বক্তব্য জানতে কাজী ফার্মসের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কেউ মন্তব্য করতে রাজি হননি।
ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, জরিমানার মাধ্যমে অন্যান্য প্রতিষ্ঠানকেও সতর্ক করা হচ্ছে। বড় প্রতিষ্ঠান হলেও মানহীন পণ্য বিক্রি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বাজার থেকে মানহীন পণ্য তুলে নিয়ে নতুন পণ্য বাজারজাত করার বিষয়ে আদালতে প্রতিশ্রুতি দেওয়ার পরও কাজী ফার্মস তা বাস্তবায়ন করেনি বলে অভিযোগ রয়েছে।
