
ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন বিভাগ ও জেলা পর্যায়ে গ্যাস সিলিন্ডারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ৮৯টি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিয়মিত বাজার তদারকির পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, সরবরাহ স্বাভাবিক রাখা, সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করা, অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও অতিরিক্ত মূল্য আদায় প্রতিরোধ, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও প্রদান এবং মূল্য তালিকা প্রদর্শনসহ বিভিন্ন বিষয়ে ডিলার, পাইকারি ও খুচরা পর্যায়ে এ তদারকি চালানো হয়।
৩৮ জেলায় ৪৮ টিমের অভিযান
অধিদপ্তরের ৪৮টি টিম ঢাকা মহানগরসহ দেশের ৩৮টি জেলায় এ কার্যক্রম পরিচালনা করে। অভিযানে ৮৯টি প্রতিষ্ঠানকে ১০ লাখ ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ ছাড়া জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা
অধিদপ্তরের পক্ষ থেকে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে সিলিন্ডার সংরক্ষণ, পরিবহন ও বিক্রয়ের ক্ষেত্রে নির্ধারিত নিরাপত্তাবিধি যথাযথভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বিক্রি থেকে বিরত থাকা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের যৌক্তিক ও ন্যায্য মূল্য নির্ধারণ, প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে হালনাগাদ ও সঠিক মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুদ বা সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি না করা এবং পণ্য ক্রয়-বিক্রয়ের সময় রশিদ সংরক্ষণ ও ক্রেতাকে তা দেওয়ার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ভোক্তাদের প্রতি আহ্বান
গ্যাস সিলিন্ডার কেনার সময় সিলিন্ডারের ওজন, সিল এবং দৃশ্যমান ত্রুটি পরীক্ষা করে নেওয়ার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। কেনার আগে হালনাগাদ মূল্য তালিকা যাচাই এবং মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার না কেনার জন্যও বলা হয়েছে।
পণ্য কেনার সময় বিক্রেতার কাছ থেকে ক্রয় ভাউচার বা রশিদ সংগ্রহ এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা না দেওয়ার জন্য ভোক্তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
কোনো অনিয়ম চোখে পড়লে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানানোর অনুরোধ করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।
