গ্যাস সিলিন্ডার ও নিত্যপণ্যের বাজারে বিশেষ অভিযান, জরিমানা ৭ লাখ ২২ হাজার টাকা

ঢাকা মহানগরসহ দেশের ৩১টি জেলায় গ্যাস সিলিন্ডার, ভোজ্যতেল, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ৯২টি প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) অধিদপ্তরের ৪৪টি টিম এসব তদারকি কার্যক্রম পরিচালনা করে।

অধিদপ্তর জানায়, নিয়মিত বাজার তদারকির পাশাপাশি ভোজ্যতেল, ডিমসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও সরবরাহ স্বাভাবিক রাখতে এ কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করা, অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও অতিরিক্ত মূল্য আদায় প্রতিরোধ, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও প্রদান এবং মূল্যতালিকা প্রদর্শনসহ বিভিন্ন বিষয়ে পাইকারি ও খুচরা পর্যায়ে তদারকি করা হয়।

অভিযানে ৯২টি প্রতিষ্ঠানকে ৭ লাখ ২২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

অধিদপ্তরের পক্ষ থেকে ব্যবসায়ীদের ভোজ্যতেল, ডিমসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের যৌক্তিক ও ন্যায্য মূল্য নির্ধারণের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি, মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার ও পণ্য বিক্রি থেকে বিরত থাকা, দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং ধার্য মূল্যের চেয়ে বেশি দাম না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুদ ও সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি না করা, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করা এবং নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পণ্য ক্রয়-বিক্রয়ের সময় রশিদ সংরক্ষণ ও দেওয়ার কথাও বলা হয়েছে।

ভোক্তাদের গ্যাস সিলিন্ডার কেনার সময় সিলিন্ডারের ওজন, সিল ও দৃশ্যমান ত্রুটি পরীক্ষা করার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনা, পণ্য কেনার আগে মূল্যতালিকা যাচাই এবং সঠিক ওজন ও পরিমাপ বুঝে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

পাশাপাশি সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ দেখে পণ্য কেনা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পণ্য কেনার সময় বিক্রেতার কাছ থেকে ক্রয় ভাউচার সংগ্রহ করতেও বলা হয়েছে।

পণ্য কিনে প্রতারিত হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানাতে বলা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ