নিত্যপণ্যের বাজারে দেশজুড়ে অভিযান, জরিমানা ৫ লাখ ৬০ হাজার টাকা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, সরবরাহ স্বাভাবিক করা এবং ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রম প্রতিরোধে দেশব্যাপী অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৩৮ জেলার ৯৫টি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকা মহানগরসহ দেশের ৩৮ জেলায় একযোগে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। অধিদপ্তরের ৫১টি দল পাইকারি ও খুচরা পর্যায়ের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালায়।

অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানে হালনাগাদ ও সঠিক মূল্যতালিকা প্রদর্শন করা হচ্ছে কি না, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়া হচ্ছে কি না এবং ওজন ও পরিমাপে কারচুপি হচ্ছে কি না, এসব বিষয় যাচাই করা হয়।

এ ছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি, নকল ও ভেজাল পণ্য উৎপাদন বা বিক্রয়সহ বিভিন্ন অনিয়মও খতিয়ে দেখা হয়।

তদারকির সময় ব্যবসায়ীদের দোকানের দৃশ্যমান স্থানে হালনাগাদ ও সঠিক মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যের বেশি দাম না নেওয়া এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

ব্যবসায়ীদের মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টি না করার পাশাপাশি পণ্য কেনাবেচার ক্ষেত্রে রশিদ বা ভাউচার সংরক্ষণ ও ক্রেতাকে তা দেওয়ার বিষয়েও সতর্ক করা হয়।

অভিযানের সময় ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয় এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

বাজার তদারকিতে সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।

ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য কিনে কৃত্রিম সংকট সৃষ্টি না করার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদ শেষ হওয়ার তারিখ যাচাই করার জন্যও অনুরোধ করা হয়েছে।

পাশাপাশি সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করে পণ্য কেনা এবং প্রতিটি কেনাকাটার সময় বিক্রেতার কাছ থেকে ভাউচার সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে।

পণ্য কেনার ক্ষেত্রে কোনো অনিয়ম বা প্রতারণার শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানানোর জন্য ভোক্তাদের অনুরোধ করা হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, বাজারে শৃঙ্খলা, ন্যায্যমূল্য ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ