রাতে নুডলস খাওয়ার পর ঘুম, সকালে নিথর পরিবারের পাঁচ সদস্য: তদন্তে পুলিশ

ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডার একটি গ্রামে রাতের খাবারে নুডলস খাওয়ার পর একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাঁদের তিন সন্তান রয়েছে। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়াকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে সন্দেহ করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহত ব্যক্তিরা হলেন ৩৭ বছর বয়সী মহেশ, তাঁর ৩৫ বছর বয়সী স্ত্রী ললিতা এবং তাঁদের তিন সন্তান। সন্তানদের মধ্যে দুই ছেলের বয়স ১১ ও তিন বছর। তাঁদের মেয়ের বয়স সাত বছর।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাতে নুডলস খেয়ে পরিবারের সদস্যরা ঘুমাতে যান। শনিবার সকালে পুলিশ এ ঘটনার খবর পায়।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও নিহত দম্পতির মায়ের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে ওই পরিবার নুডলস খেয়েছিল। খবর পেয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি ফরেনসিক দল ও খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

গ্রেটার নয়ডার সহকারী পুলিশ কমিশনার রাজীব কুমার সিসোদিয়া বলেন, শুক্রবার রাতে খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা বিশ্রাম নিচ্ছিলেন এবং বিছানায় ঘুমিয়ে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে তাঁদের মরদেহ দেখতে পান পুলিশ সদস্যরা। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

পুলিশ জানায়, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ