গবেষণা: চিকিৎসার খরচ মেটাতে গিয়ে দরিদ্র হয়েছেন ১ কোটি ৮ লাখ মানুষ

নিজের পকেট থেকে চিকিৎসার খরচ মেটাতে গিয়ে ২০২২ সালে বাংলাদেশে ১ কোটি ৮ লাখের বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছেন। দেশের মোট জনসংখ্যার ৬ দশমিক ৪ শতাংশ মানুষ এ পরিস্থিতির শিকার হয়েছেন। একই সময়ে চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে আর্থিক সংকটে পড়েছেন দেশের ৪১ দশমিক ৭ শতাংশ মানুষ। ২০০৫ সালে এ হার ছিল ২৮ দশমিক ২ শতাংশ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের (এইচইইউ) এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। বুধবার (২৮ অক্টোবর) ‘বাংলাদেশে স্বাস্থ্যসেবায় ব্যক্তিগত ব্যয়ের কারণে সৃষ্ট আর্থিক সংকট ও সরকারি স্বাস্থ্যসেবার সুবিধা বণ্টন’ শীর্ষক গবেষণার ফল উপস্থাপন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও সুইডিশ দূতাবাসের সহায়তায় গবেষণাটি পরিচালিত হয়।

গবেষণায় দেখা গেছে, ২০০৫ সালে চিকিৎসার খরচ মেটাতে গিয়ে ৫৬ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গিয়েছিলেন, যা তখনকার জনসংখ্যার ৩ দশমিক ৯ শতাংশ। পরবর্তী সময়ে দেশে সামগ্রিক দারিদ্র্যের হার উল্লেখযোগ্যভাবে কমলেও চিকিৎসাব্যয়ের কারণে আর্থিক সংকটে পড়া মানুষের অনুপাত বেড়েছে।

২০০৫ সালে দেশে দারিদ্র্যের হার ছিল ৪০ শতাংশ। ২০২২ সালে তা কমে ১৮ দশমিক ৭ শতাংশে দাঁড়ায়। বিপরীতে, চিকিৎসার খরচ বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়া মানুষের হার বেড়ে ৪১ দশমিক ৭ শতাংশ হয়েছে। বিশ্বব্যাপী ২০২২ সালে এ হার ছিল ২৬ শতাংশ।

চিকিৎসাব্যয় বাড়ছে, কমছে পরিবারের সামর্থ্য

গবেষণায় চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে পরিবারের আর্থিক বিপর্যয়ের হারও বেড়ে যাওয়ার চিত্র উঠে এসেছে। ২০০৫ সালে এ হার ছিল ১২ দশমিক ৫ শতাংশ, যা ২০২২ সালে বেড়ে ৩২ দশমিক ১ শতাংশে দাঁড়ায়।

স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের ফোকাল পয়েন্ট সুব্রত পাল দ্য ডেইলি স্টারকে বলেন, চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে সবচেয়ে বেশি ভুগেছে দরিদ্র পরিবারগুলো।

তিনি বলেন, ‘এতে দেখা যায়, আর্থিক চাপে না পড়ে চিকিৎসার খরচ বহন করার ক্ষেত্রে পরিবারগুলোর সক্ষমতা উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।’

গবেষণায় চিকিৎসার জন্য পরিবারের নিজস্ব ব্যয় বলতে ওষুধ কেনা, রোগ নির্ণয়ের পরীক্ষা এবং চিকিৎসাসহ বিভিন্ন খাতে সরাসরি দেওয়া অর্থকে বোঝানো হয়েছে। সরকার বা অন্য কোনো পক্ষ এসব ব্যয় বহন না করলে পরিবারকে নিজস্ব অর্থ থেকে তা মেটাতে হয়।

অন্যান্য মৌলিক চাহিদা পূরণের পর হাতে থাকা অর্থের ৪০ শতাংশের বেশি চিকিৎসায় ব্যয় করতে হলে একজন ব্যক্তি আর্থিক সংকটে পড়েছেন বলে বিবেচনা করা হয়েছে। আর চিকিৎসার খরচ মেটাতে গিয়ে কোনো পরিবার দারিদ্র্যসীমার নিচে নেমে গেলে তাকে চিকিৎসাব্যয়ের কারণে দরিদ্র হিসেবে গণ্য করা হয়েছে।

পরিবারের মোট ভোগব্যয়ের ১০ শতাংশের বেশি চিকিৎসায় ব্যয় হলে তাকে বিপর্যয়কর স্বাস্থ্যব্যয় বলা হয়। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত বছর এ সূচকের পরিবর্তে চিকিৎসাব্যয়ের কারণে সৃষ্ট আর্থিক সংকটের বিষয়টিকে গুরুত্ব দিতে শুরু করেছে। কারণ, শুধু বিপর্যয়কর স্বাস্থ্যব্যয়ের সূচক দিয়ে মানুষের প্রকৃত আর্থিক পরিস্থিতি পুরোপুরি বোঝা যায় না।

মাসিক গড় চিকিৎসাব্যয় বেড়ে ৩ হাজার ২৩৮ টাকা

মূল্যস্ফীতির প্রভাব সমন্বয় করার পরও পরিবারের চিকিৎসায় নিজস্ব ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছেন সুব্রত পাল।

তিনি জানান, ২০০৫ সালে একটি পরিবারের মাসিক গড় চিকিৎসাব্যয় ছিল ১ হাজার ২৪১ টাকা। ২০২২ সালে তা বেড়ে দাঁড়ায় ৩ হাজার ২৩৮ টাকায়।

একই সময়ে চিকিৎসায় নিজস্ব অর্থ ব্যয় করেছে, এমন পরিবারের অনুপাত ৫২ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ৯২ দশমিক ৭ শতাংশে পৌঁছেছে।

গবেষণায় দেখা গেছে, চিকিৎসাব্যয়ের বড় অংশ ব্যয় হয় ওষুধ কেনা, রোগ নির্ণয়ের পরীক্ষা, হাসপাতালে ভর্তি এবং চিকিৎসকের পরামর্শের ফি বাবদ। বহির্বিভাগের চিকিৎসার জন্য ফার্মেসির ওপর নির্ভরশীলতাও বেড়েছে।

২০১৬ সালে বহির্বিভাগের চিকিৎসাসেবার ৩২ দশমিক ৫ শতাংশ ফার্মেসির মাধ্যমে নেওয়া হতো। ২০২২ সালে এ হার বেড়ে ৫৫ দশমিক ৪ শতাংশে দাঁড়ায়।

সবচেয়ে দরিদ্রদের আর্থিক সংকট বেশি

আয়ের ভিত্তিতে জনগোষ্ঠীকে ভাগ করে গবেষণায় দেখা গেছে, দরিদ্র মানুষের ওপর চিকিৎসাব্যয়ের চাপ সবচেয়ে বেশি। ২০২২ সালে সবচেয়ে দরিদ্র ২০ শতাংশ মানুষের মধ্যে ৯০ দশমিক ৮ শতাংশ চিকিৎসার খরচ মেটাতে গিয়ে আর্থিক সংকটে পড়েছেন। বিপরীতে, সবচেয়ে ধনী ২০ শতাংশ মানুষের ক্ষেত্রে এ হার ছিল ১৩ দশমিক ৬ শতাংশ।

গ্রাম ও শহর, উভয় এলাকাতেই চিকিৎসার ব্যয়জনিত আর্থিক সংকট বেড়েছে। তবে গ্রামীণ জনগোষ্ঠীর পরিস্থিতি তুলনামূলকভাবে বেশি খারাপ। ২০২২ সালে গ্রামের ৪৭ দশমিক ৯ শতাংশ মানুষ এ সংকটে পড়েন। শহরাঞ্চলে এ হার ছিল ২৮ দশমিক ২ শতাংশ।

বিভাগভিত্তিক পরিসংখ্যানেও বড় পরিবর্তন দেখা গেছে। সুব্রত পাল জানান, ২০০৫ সালে চিকিৎসাব্যয়ের কারণে আর্থিক সংকটে পড়া মানুষের হার সবচেয়ে কম ছিল বরিশাল বিভাগে, ২২ দশমিক ৫ শতাংশ। ২০২২ সালে বিভাগটিতেই এ হার বেড়ে সর্বোচ্চ ৫৯ দশমিক ১ শতাংশে দাঁড়ায়।

সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার হার কমেছে

গবেষণায় দেখা গেছে, হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানগুলো এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে সরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা নেওয়া রোগীর অনুপাত কমেছে।

২০১৬ সালে হাসপাতালে ভর্তি রোগীদের ৬১ দশমিক ৩ শতাংশ সরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা নিতেন। ২০২২ সালে এ হার কমে ৫৬ শতাংশে দাঁড়ায়। একই সময়ে বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা নেওয়ার হার ৩৬ দশমিক ৯ শতাংশ থেকে বেড়ে ৪২ দশমিক ৫ শতাংশ হয়েছে।

সরকারি স্বাস্থ্যসেবার সুবিধা বণ্টন নিয়েও উদ্বেগ জানিয়েছে গবেষণাটি। এতে বলা হয়েছে, দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবার প্রয়োজন বেশি হলেও সরকারি স্বাস্থ্যব্যয়ের সুবিধা যথাযথভাবে তাদের কাছে পৌঁছাচ্ছে না।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘২০১৬ সালের তুলনায় সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে দরিদ্রদের অনুকূলে থাকা সুবিধা বণ্টনের প্রবণতা কমেছে। এতে প্রশ্ন উঠছে, যাদের স্বাস্থ্যসেবা ও আর্থিক সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন, সরকারি সম্পদ যথাযথভাবে তাদের কাছে পৌঁছাচ্ছে কি না।’

চিকিৎসাব্যয়ের প্রবণতা, দারিদ্র্যের ওপর এর প্রভাব এবং সরকারি অর্থায়নে পরিচালিত স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে বৈষম্য মূল্যায়নে গবেষকেরা ২০০৫, ২০১০, ২০১৬ ও ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপের তথ্য বিশ্লেষণ করেছেন।

সরকারি অর্থায়ন বাড়ানোসহ একাধিক সুপারিশ

চিকিৎসাব্যয়ের কারণে মানুষের আর্থিক সংকট কমাতে সরকারি অর্থায়ন বাড়ানো, ব্যয়ের দক্ষতা ও ন্যায্যতা নিশ্চিত করা এবং দরিদ্র মানুষের কাছে সরকারি স্বাস্থ্যসেবার সুবিধা পৌঁছে দেওয়ার সুপারিশ করেছে গবেষণাটি।

এ ছাড়া প্রয়োজনীয় ওষুধ ও রোগ নির্ণয়ের পরীক্ষা বিনামূল্যে এবং নির্ভরযোগ্যভাবে নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘমেয়াদি রোগের জন্য নিয়মিত ও সাশ্রয়ী চিকিৎসার ব্যবস্থা করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের স্বাস্থ্য খাতের যে শোচনীয় অবস্থা তৈরি হয়েছিল, গবেষণার ফল তা তুলে ধরেছে।

চিকিৎসার নিজস্ব ব্যয় আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। স্বাস্থ্য খাতের অনিয়ম ও দুর্নীতি বন্ধে সরকার সর্বোচ্চ পর্যায় থেকে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে গবেষণার ফল উপস্থাপনায় আরও ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের তোহিদুল ইসলাম ও সায়েম আহমেদ। উপস্থিত ছিলেন বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ রাজেশ নারওয়াল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক এনামুল হক।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ