
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা দলের পরীক্ষায় সাভার ও ধামরাই উপজেলার দুটি খামার থেকে সংগ্রহ করা ১৮টি ডিমের নমুনায় আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য সীমার তুলনায় আর্সেনিক (৬৪–২১৭ গুণ), ক্রোমিয়াম (৮৮–১৫০ গুণ) এবং সিসা (১২–৬৩ গুণ) বেশি পাওয়ার তথ্য প্রকাশিত হয়েছে। নমুনার সংখ্যা সীমিত হলেও বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক এবং বৃহত্তর পরিসরে তদন্তের দাবি রাখে।
এবার মাছের কথা আসি। আরেকটি গবেষণা দলে ঢাকার আশপাশের তিনটি বাজার থেকে সংগ্রহ করা বাইম ও পুঁটি মাছের নমুনা পরীক্ষায় সিসা (Lead) ২১ গুণ, ক্যাডমিয়াম (Cadmium) ১০ গুণ, ক্রোমিয়াম (Chromium) ৪.৩ গুণ এবং আর্সেনিক (Arsenic) ৫.৫ গুণ বেশি পাওয়ার তথ্য উঠে এসেছে।
ডিম ও মাছ আমাদের প্রধান প্রোটিনের উৎস। বিশেষ করে শিশুদের খাদ্যতালিকায় এগুলোর গুরুত্ব অপরিসীম। তাই এসব গবেষণার ফলাফল যদি সঠিক হয়, তবে এটি শুধু একটি গবেষণার বিষয় নয়, এটি জাতীয় জনস্বাস্থ্যের বিষয়।
এখন প্রশ্ন হলো, আমাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য- মুরগির ডিম, মাছ, চাল, আলু, শাকসবজি, ফলমূল এবং পানীয় পানি, আসলে কতটা নিরাপদ?
যদি এসব গবেষণার ফলাফল নিয়ে কারও সন্দেহ থাকে, তাহলে দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিত্বমূলকভাবে নমুনা সংগ্রহ করে একাধিক স্বীকৃত ল্যাবরেটরিতে স্বাধীনভাবে পরীক্ষা করা হোক। ফলাফল জনগণের সামনে প্রকাশ করা হোক। এতে প্রকৃত পরিস্থিতি স্পষ্ট হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সহজ হবে।
দেশে খাদ্য নিয়ে বহু গবেষণা, ল্যাব পরীক্ষা ও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এখন সবচেয়ে জরুরি বিষয় হলো- এসব তথ্যের ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু একটি দপ্তরের দায়িত্ব নয়; এটি সরকার, নিয়ন্ত্রক সংস্থা, বিজ্ঞানী, উৎপাদক ও ব্যবসায়ী, সবার সম্মিলিত দায়িত্ব।
একটি রাষ্ট্র তখনই শক্তিশালী হয়, যখন তার মানুষ নিরাপদ খাদ্য পায়। তাই নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কঠোর মান নিয়ন্ত্রণ, নিয়মিত ল্যাব পরীক্ষা, স্বচ্ছ তদারকি এবং আইন প্রয়োগে কোনো আপস করা চলবে না।
