
পাবনার ফরিদপুর উপজেলায় একটি ডেইরি কারখানায় অস্বাস্থ্যকর জেলি, ডিটারজেন্ট ও লেবেলবিহীন বিভিন্ন রাসায়নিক পদার্থ পাওয়ার ঘটনায় প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) জেলা কার্যালয়, পাবনার উদ্যোগে মঙ্গলবার (২২ জুলাই) উপজেলার আকিফ আনাস ডেইরিতে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
মনিটরিং চলাকালে কারখানায় অস্বাস্থ্যকর জেলি, ডিটারজেন্ট এবং লেবেলবিহীন বিভিন্ন রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যবসায়ী উদ্ধার হওয়া জেলি ব্যবহার করে দুধ প্রস্তুতের বিষয়টি স্বীকার করেন।
পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রতিষ্ঠানটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর আওতায় আকিফ আনাস ডেইরিকে তিন লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার অঙ্গীকারে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, পাবনা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা শামীম আহমেদ এবং ফরিদপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুস সবুর।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের মনিটরিং, নমুনা সংগ্রহ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সূত্র: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ
