
রাজধানীর ধানমন্ডির সিমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মোবাইল কোর্টে নিম্নমানের কসমেটিকস বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিএসটিআই জানায়, নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত এবং ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় সিমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিএসটিআইয়ের পরীক্ষণ ও প্রয়োজনীয় অনুমোদন (ছাড়পত্র) ছাড়া নিম্নমানের কসমেটিক বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়।
অভিযানে সিমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের ১০৭৫-৭৬ নম্বর দোকানে থাকা অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান কোরিয়ান শপ বাংলাদেশ-এর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার। অভিযানে বিএসটিআইয়ের পক্ষে দায়িত্ব পালন করেন মো. সাফায়েত হোসেন। এ সময় বিএসটিআই কর্মকর্তা সুবহানা নওশিন উপস্থিত থেকে সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন।
বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে দেশব্যাপী নিয়মিত বাজার তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
একই সঙ্গে কেনাকাটার সময় ভোক্তাদের বিএসটিআই অনুমোদিত ও মানসম্মত পণ্য কেনার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র: বিএসটিআই
