
ঢাকার গ্রিন রোডে অবস্থিত রূপসা রেস্টুরেন্টকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর আওতায় ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।
সোমবার (১৭ আগস্ট) রাজধানীর ধানমন্ডির ২২৮, গ্রিন রোডের রূপসা রেস্টুরেন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুম মুনীরা কায়ছানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে রেস্টুরেন্টটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় পাওয়া যায়। এ ছাড়া রান্নাঘরের ফ্লোর ভাঙা অবস্থায় পরিলক্ষিত হয়। রান্নাঘরের রেফ্রিজারেটরে যথাযথ লেবেল ছাড়াই মাছ, মাংস, গ্রিল চিকেন এবং বিভিন্ন ধরনের রান্না করা মসলা সংরক্ষণ করতে দেখা যায়।
এ ছাড়া রেস্টুরেন্ট কর্তৃপক্ষ রেস্তোরাঁ নিবন্ধন সনদ, প্রিমিসেস লাইসেন্স, খাদ্যকর্মীদের স্বাস্থ্যসনদ এবং পেস্ট কন্ট্রোলের প্রমাণ প্রদর্শনে ব্যর্থ হয়।
এসব অপরাধ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী রূপসা রেস্টুরেন্টকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি দল উপস্থিত ছিলেন।
সূত্র: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)
