৩৫ জেলায় ৮২ প্রতিষ্ঠানকে ৭ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ, মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিত করা, ওজন ও পরিমাপে কারচুপি প্রতিরোধ এবং মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল পণ্য বিক্রি বন্ধে দেশের বিভিন্ন বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৭ আগস্ট) ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে এ বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। অধিদপ্তরের ৭৪টি টিম ঢাকা মহানগরসহ ৩৫টি জেলায় অভিযান পরিচালনা করে।

অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৮২টি প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, বাজার তদারকির সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানে যথাযথভাবে মূল্যতালিকা প্রদর্শন করা হচ্ছে কি না, ওজন ও পরিমাপে কারচুপি হচ্ছে কি না এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি করা হচ্ছে কি না, এসব বিষয় যাচাই করা হয়। একই সঙ্গে নকল ও ভেজাল পণ্যের উৎপাদন ও বিক্রয় রোধেও অভিযান পরিচালনা করা হয়।

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তদারকি কার্যক্রম চলাকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়। পাশাপাশি হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

বাজার তদারকিতে সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।

ভোক্তাদের প্রতি অধিদপ্তরের পরামর্শ

পণ্য কেনার আগে মূল্যতালিকা যাচাই করার পরামর্শ দিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি পণ্যের সঠিক ওজন ও পরিমাপ বুঝে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খাদ্য, পণ্য বা ওষুধ কেনার সময় সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করতে বলা হয়েছে। এ ছাড়া মিথ্যা ও প্রতারণামূলক বিজ্ঞাপন থেকে সতর্ক থাকা এবং ধার্য করা মূল্যের চেয়ে বেশি দাম না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সূত্র: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ