নকল-ভেজাল পণ্য ঠেকাতে জাতীয় সমন্বয় সেল গঠনের প্রস্তাব

নকল ও ভেজাল পণ্য প্রতিরোধে সরকারি সংস্থা ও শিল্পখাতের সমন্বয়ে স্থায়ী ‘ন্যাশনাল অ্যান্টি-কাউন্টারফিট কো-অর্ডিনেশন সেল’ গঠনের প্রস্তাব দিয়েছেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক কামরুজ্জামান কামাল।

মঙ্গলবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় এবং প্রাণ-আরএফএল গ্রুপের উদ্যোগে আয়োজিত ‘নকল ও ভেজাল পণ্য প্রতিরোধ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ প্রস্তাব দেন। অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ জহিরুল ইসলাম।

মহাপরিচালক বলেন, ভোক্তাদের নিরাপদ, মানসম্মত ও সঠিক পণ্য নিশ্চিত করা অধিদপ্তরের অন্যতম দায়িত্ব। বাজার অভিযান পরিচালনার সময় নকল ও ভেজাল পণ্য শনাক্তের প্রয়োজন হয়। তাই বিভিন্ন ব্র্যান্ডের নকল বা কাউন্টারফিট পণ্য চিহ্নিত করার বিষয়ে সংশ্লিষ্টদের যথাযথ ধারণা থাকা জরুরি।

তিনি বলেন, নকল-ভেজাল পণ্য প্রতিরোধে উৎপাদনকারী প্রতিষ্ঠান, ব্যবসায়ী, ভোক্তা ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

কর্মশালায় প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষ থেকে নকল ও ভেজাল পণ্যের বাস্তব চিত্র, বাজারে এসব পণ্যের প্রবেশের কারণ এবং প্রতিরোধের উপায় তুলে ধরা হয়। আলোচনায় নকল পণ্য শনাক্তকরণ, বাজারে কাউন্টারফিট পণ্যের বিস্তার রোধ এবং ভোক্তা সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক উঠে আসে।

অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সেবাস্টিন রেমা বলেন, নকল পণ্য প্রতিরোধে ব্র্যান্ড মালিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে ইলেকট্রনিক্স পণ্য অনুমোদিত ডিলারের মাধ্যমে বিক্রি নিশ্চিত করা গেলে নকল পণ্যের বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব।

সূত্র: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ